পেশাওয়ার, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে মার্কিন ড্রোন বিমান হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট এক উজবেক জঙ্গি নেতা আগস্টে নিহত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।
তারা জানান, উজবেকিস্তানের ইসলামিক মুভমেন্ট নেতা তাহির উলদাশেভ আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। তাহির ওই অঞ্চলে কয়েক বছর ধরে ঘাঁটি গেড়ে আছেন।
তাহিরের মৃত্যুকে স্বাগত জানিয়েছে মধ্য এশিয়ার দেশগুলো। তিনি এ অঞ্চলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তানের তালেবান বিরোধী নতুন অভিযানেও সহায়ক হবে তাহিরের মৃত্যু।
পেশাওয়ারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেছেন, "ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে। ২৭ আগস্টে দক্ষিণ ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় সে নিহত হয়েছে।" অন্য একজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তাহিরের সহকর্মীরা তার মৃত্যু গোপন রাখার চেষ্টা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৪ ঘ.
bdnews24