জেনেভা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সুইজারল্যান্ডে ছয় বিশ্বশক্তির সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেছে ইরান। এ বৈঠকে তেহরান পরমাণু বোমা তৈরির পরিকল্পনা নিয়ে পশ্চিমাদের সন্দেহ দূর করতে প্রস্তুত থাকবে এবং তারা এ পরিকল্পনা লকুচ্ছে না--- এ ব্যাপারে সবাইকে আশ্বস্ত করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন কর্মকর্তারা।
তেহরানকে নতুন নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হবে না। তবে আলোচনায় কোনও অগ্রগতি না হলে নিষেধাজ্ঞা আরোপের জন্য তা প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে ওয়াশিংটন এও বলেছে যে, ইরানিদের সঙ্গে বিরল দ্বিপক্ষীয় বৈঠকেরও সুযোগ হতে পারে।
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ অচলবস্থার অবসান ঘটাতে বৈঠকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের পাশাপাশি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা।
কূটনীতিকরা বলছেন, বৈঠকে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ইরানের আলোচক পরমাণু কর্মসূচি বিশেষ করে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট নিয়ে আলোচনায় ইচ্ছুক হবে কিনা সেটি। ইরান আলোচনায় বসার আগেই এই প্ল্যান্টকে তাদের পরমাণু অধিকার আখ্যা দিয়ে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে।
জেনেভার এই বৈঠকেই প্রথম ইরান ও অন্য শক্তিধর দেশগুলোর সঙ্গে পুরোমাত্রায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন রাজনীতি বিষয়ক আন্ডারসেক্রেটারি অব স্টেট উইলিয়াম বার্নস। মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, বার্নস জেনেভায় ইরানের প্রধান পরমাণু আলোচকের সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী নন। তবে এমন বৈঠকের সুযোগ পেলে তিনি তা প্রত্যাখ্যানও করবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৯ ঘ.
bdnews24