২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লবিয়িস্টদের ব্যাপারে পিছু হটলেন ওবামা

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা তার অভিষেক ভাষণে লবিয়িস্টদের বিরুদ্ধে সাহসী ঘোষণা দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। প্রেসিডেন্ট বলেছিলেন, হোয়াইট হাউসে তার প্রশাসনে ওই প্রথাগত'তদবির পার্টির' কোন স্থান হবেনা। কিন্তু কেবল প্রথম দিনটি পর্যন্ত সেই প্রতিশ্র"তি রাখতে পেরেছেন ওবামা। ওয়াশিংটন থেকে বিস্তারিত জানাচ্ছেন আরশাদ মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 06:22 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ওয়াশিংটন, ২৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা মাত্র গত মঙ্গলবার তার অভিষেক ভাষণে লবিয়িস্টদের বিরুদ্ধে এক সাহসী ঘোষণা দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন দেশবাসীর। ওই ঘোষণায় প্রেসিডেন্ট বলেছিলেন, হোয়াইট হাউসে তার প্রশাসনে ক্ষুদ্র স্বার্থকামী ওই প্রথাগত'তদবির পার্টির' কোন স্থান হবেনা। কিন্তু ঐতিহ্য আর কায়েমী স্বার্থবাদের অচলায়তন ভাঙার কথা বলা যত সহজ করা তা নয়। ওবামাও ওভাল অফিসে গিয়ে কেবল প্রথম দিনটি পর্যন্ত সেই প্রতিশ্র"তি রাখতে পেরেছেন। বারাক ওবামা এরই মধ্যে সেই কঠোর নীতিগত অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান রেথিয়নের নিবন্ধিত লবিয়িস্ট উইলিয়াম লিনকে ডেপুটি সেক্রেটারি অব ডিফেন্স পদের জন্য মনোনীত করেন। গত শরৎ পর্যন্ত উইলিয়াম লিন ওই প্রতিষ্ঠানের লবিয়িস্ট নিয়োজিত ছিলেন। নতুন প্রশাসন এত তাড়াতাড়ি লবিয়িস্টদের ব্যাপারে তাদের কঠোর অবস্থান থেকে সরে এলো কেন জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি রবার্ট গিবস বলেন, যোগ্য ব্যক্তিদের দেশ সেবার কাজে সুযোগ দেওয়ার জন্যই 'এই প্রত্যাহার প্রক্রিয়া' প্রয়োজন। নিঃসন্দেহে লিন একজন যোগ্য, অভিজ্ঞ ব্যক্তি। ক্লিনটন প্রশাসনেও তিনি পেন্টাগনে দায়িত্ব পালন করেছিলেন যা তাকে এ কাজের চৌকস অভিজ্ঞতা দিয়েছে। রবার্ট গিবসের এই বক্তব্য রিপাবলিকানদের সমালোচনার ঝড়কে প্রশমিত করবে বলে মনে হয়না। পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষস্থানীয় রিপাবলিকান সদস্য জন ম্যাকেইন এক লিখিত বিবৃতিতে উইলিয়াম লিনকে পেন্টাগনের নাম্বার টু পদে মনোনয়ন দেওয়ায় হতাশা ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়, "নতুন, আরো কঠোর নৈতিক নীতিমালা প্রয়োগের জন্য আমি যখন প্রেসিডেন্টের প্রশংসা করছি , আমি আশা করেছিলাম এত তাড়াতাড়ি তিনি এগুলো প্রত্যাহারের তাগিদ অনুভব করবেন না।" তিনি ডেপুটি সেক্রেটারি অব ডিফেন্স পদে লিনের মনোনয়নকে সমর্থনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে এব্যাপারে ব্যাখ্যা দাবি করেন। রিপাবলিকানরা ছাড়াও স্বাধীন পর্যবেক্ষকরা পর্যন্ত ওবামার এই মনোনয়নে বিস্মিত হয়েছেন। মার্কিন রাজনীতিতে লবিয়িস্টদের প্রভাব আদৌ বন্ধ করা যাবে কি-না তারা সে ব্যাপারে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/এসকে/০০১২ঘ.