রিকিয়াভিক, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অর্থনীতির ধসের কারণে আইসল্যান্ডের জোট সরকার ভেঙে পড়েছে। সোমবার একথা জানিয়ে প্রধানমন্ত্রী গিয়ার হ্যারডে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, প্রেসিডেন্ট ওলাফুর রাগনার গ্রিমসনের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
পার্লামেন্টে সাংবাদিকদের হ্যারডে বলেন, "আমরা জোট সরকার আর চালাতে না পারায় সত্যিই দুঃখিত।"
পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিবোরগ গিসলাদোত্তিরকে প্রধানমন্ত্রী হ্যারডের স্থলাভিষিক্ত করার কথা বিবেচনা করা হচ্ছে। তবে গিলাসিদোত্তির এ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, তিনি ২/১ মাসের ছুটিতে যাবেন।
আইসল্যান্ডের 'ইন্ডিপেনডেন্স পার্টি' এবং 'স্যোশাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স' নিয়ে গঠিত জোট সরকার গত অক্টোবর থেকেই বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবে চাপের মুখে ছিল। অর্থনৈতিক মন্দার কারণে দেশটির ব্যাংক ব্যবস্থায় ধস নামে।
হ্যারডে বলেন, আমি প্রেসিডেন্টের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেব। তারপর একটি জাতীয় ঐক্য সরকার গড়ার সম্ভাবনা নিয়ে বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২১২৩ ঘ.
bdnews24