২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস লাভবান হলে গাজা সীমান্ত খোলা হবে না: ইসরায়েল

২২ দিনের আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজার সঙ্গে সীমান্ত পারপার পথগুলো খুলে দেয়নি ইসরায়েল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের একজন উপদেষ্টা জানিয়েছেন, গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকলে কিংবা সীমান্ত খুলে দেওয়ায় ওই দলটি লাভবান হলে সীমান্ত পারাপর পথ খুলবে না ইসরায়েল। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 06:18 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

তেল আভিভ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২২ দিনের আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজার সঙ্গে সীমান্ত পারপার পথগুলো খুলে দেয়নি ইসরায়েল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের একজন উপদেষ্টা জানিয়েছেন, গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকলে কিংবা সীমান্ত খুলে দেওয়ায় ওই দলটি লাভবান হলে সীমান্ত পারাপর পথ খুলবে না ইসরায়েল। ইসরায়েলের একতরফা যুদ্ধবিরতির পর অবরোধ তুলে নেওয়ার শর্ত দিয়ে হামাসও যুদ্ধবিরতি কার্যকর করায় গত রোববার থেকে হামলা বন্ধ করে ২২ দিনের আগ্রাসনের সমাপ্তি টানে ইসরায়েল। কিন্তু প্রধানমন্ত্রী ওলমার্টের উপদেষ্টা জানিয়েছেন, খুব শিগগিরই সামীন্ত খুলে দিয়ে অবরোধ তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গত ২৭ ডিসেম্বর থেকে ইসরায়েল তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালালে ১৩শ'রও বেশি ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় কয়েক হাজার। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলার পরদিন উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, ওয়াশিংটনের নতুন প্রশাসন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নীতি অনুসরণ করে হামাসের সঙ্গে চুক্তি কিংবা আলোচনা না করার নীতি বজায় রাখবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওলমার্টের ওই উপদেষ্টা আরও জানান, সংকটাপন্ন অবস্থায় থাকা গাজার ১৫ লাখ অধিবাসীর জন্য খাদ্য, ওষুধ, তেল এবং গ্যাসসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের 'সর্বোচ্চ' সরবরাহ নিশ্চিত করবে ইসরায়েল। কিন্তু স্টিল ও সিমেন্টসহ বাড়িঘর পুননির্মাণের জন্য প্রয়োজনীয় কিছু দ্রব্যের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তিনি আরও জানান, ইসরায়েলের লক্ষ্য হচ্ছে হামাস যাতে পুনরায় গাজায় তার ক্ষমতা প্রতিষ্ঠা না করতে পারে সেজন্য সীমান্ত পারাপার পথের ওপর হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না দেওয়া। একইসঙ্গে পারপার পথগুলো খুলে দেওয়া নিয়ে চাপে রেখে আটক ইসরায়েলি সেনা গিলাত শালিতকে ফেরৎ দিতে হামাসকে বাধ্য করা যাবে বলেও আশা করছেন তারা। তিনি আরও বলেন, "সীমান্ত পারাপার পথগুলো খুলে দিলে হামাস যদি শক্তিশালী হয় তাহলে তা করব না আমরা।" উপদেষ্টা আরও জানান, তাদের সন্দেহ ইসরায়েল এবং মিসরের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিরাপত্তা বাহিনীর হাতে পারপার পথগুলোর নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার প্রস্তাব মেনে নেবে না হামাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৪০ ঘ.