বাগদাদ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মালিকানাধীন একটি প্রমোদতরী বিক্রি করতে না পেরে ইউরোপ থেকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইরাক সরকার। বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে তরীটির ক্রেতা পাওয়া যায়নি। ইরাক সরকারের এক মুখপাত্র বুধবার একথা জানিয়েছেন ।
সরকারের মুখপাত্র আলি আল-দাব্বাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ১৯৮১ সালে তৈরি 'ওশেন ব্রিজ' নামের প্রমোদতরীটি (ইয়েট) ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা বন্দরে ফিরিয়ে আনা হবে।
২৭০ ফুট লম্বা এই প্রমোদতরী ফ্রান্সে ৩০ মিলিয়ন ডলারে বিক্রির চেষ্টা করছিল ইরাক। কিন্তু বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে এর ক্রেতা পাওয়া যায়নি।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের ব্যবহৃত এই জাহাজটির বাথরুমে আছে সোনার তৈরি পানির কল, একটি ছোট অপারেটিং থিয়েটার, হেলিকপ্টার নামার জায়গা এবং পালিয়ে যাওয়ার গোপন পথ।
দাব্বাহ জানিয়েছেন, জাহাজটির যে দাম আছে বলে ইরাক মনে করে বাজারে সেই দাম পাওয়া যায়নি। অর্থনৈতিক সংকটের কারণে এত দাম দিয়ে জাহাজটি কিনতে চাইছে না ক্রেতারা।
'ওশেন ব্রিজ' জাহাজটি নিজেদের বলে দাবি করেছিল জর্ডান। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এটির মালিকানা পায় ইরাক।
দাব্বাহ জানিয়েছেন, মালিকানা ফিরে পাওয়ার জন্য ইরাকের পক্ষে যে আইনজীবী আইনি লড়াই চালিয়েছেন তাকে জাহাজের দামের প্রায় দুই শতাংশ অর্থ পরিশোধ করার জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আক্রমণের মুখে পতন ঘটে সাদ্দাম সরকারের। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ২০০৬ সালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।
২০০৩ সালের যুদ্ধের সময় দক্ষিণ ইরাকে মার্কিন ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলায় ধ্বংস হয় সাদ্দামের ব্যবহৃত আরেকটি বিশালবহুল প্রমোদতরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২০ ঘ.
bdnews24