২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার শপথের অপেক্ষায় লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছে কয়েক লাখ মানুষ। ওয়াশিংটনের মধ্য ভাগে অবস্থিত ন্যাশনাল মলের বাইরে লাগানো হয়েছে বিশাল পর্দা। সেখানে লাখ লাখ মানুষ প্রত্যক্ষ করবেন ওবামার শপথ অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ওয়াশিংটন, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছে কয়েক লাখ মানুষ। ওয়াশিংটনের মধ্য ভাগে অবস্থিত ন্যাশনাল মলের বাইরে লাগানো হয়েছে বিশাল পর্দা। সেখানে লাখ লাখ মানুষ প্রত্যক্ষ করবেন ওবামার শপথ অনুষ্ঠান। গত কয়েক দিনে দেশের বিভিন্ন অংশ থেকে ওয়াশিংটনে এসে জড়ো হয়েছেন কয়েক লাখ মানুষ। প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে শামিল হতে চাইছেন সবাই। বাংলাদেশ সময় রাত ১১টায় (জিএমটি-১৭টা) শপথ নেবেন তিনি। হিম শীতল ঠাণ্ডা উপেক্ষা করে সকাল হওয়ার আগেই ন্যাশনাল মলের বাইরে জড়ো হতে থাকে লাখ লাখ মানুষ। টিকেট করে যারা মূল অনুষ্ঠানস্থলে যেতে পারেননি এখানে দাঁড়িয়ে কাছ থেকে তারা অনুষ্ঠান উপভোগ করতে চান। নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় ৪০ হাজার নিরাপত্তা কর্মী। শপথ নেওয়ার ঠিক আগের দিন আমেরিকার বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিংয়ের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তার স্বপ্ন বাস্তবায়নে আরও এগিয়ে যাওয়ার কথা বলেছেন বারাক ওবামা। আমেরিকার নাগরিক অধিকার ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিংয়ের স্মরণে ১৯ জানুয়ারির সরকারি ছুটির পরপরই মঙ্গলবার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ওবামার শপথ অনুষ্ঠান হতে যাওয়ায় বিষয়টিতে প্রতীকী তাৎপর্য সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনের ক্যাপিটল হিল থেকে লিংকন মেমোরিয়াল পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে সমাবেশস্থল হিসেবে সাজোনো হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যেই হাজার হাজার মানুষ বিশেষত কৃষ্ণাঙ্গরা ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান প্রতক্ষ্য করে নিজেকেও ইতিহাসের সাক্ষী করে তুলতে। এ শপথ অনুষ্ঠানে প্রায় ২০ লাখ মানুষ সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে। কিংয়ের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ওবামা বলেন, "আগামীকাল আমরা ওই চত্বরে (হোয়াইট হাউসের) একমানুষ হিসেবে সমবেত হব, যেখানে এখনও ডা: কিংয়ের স্বপ্ন প্রতিধ্বনিত হয়। এর মধ্য দিয়ে এটাই স্বীকৃত হবে যে, এখানে এই আমেরিকায় আমাদের ভবিতব্য জটিল সম্পর্কে জড়িয়ে আছে। আমরা যতোই সামনে আগাবো ততোই তার সমাধান হবে, আমাদেরকে অবশ্যই একত্রে পথ চলা চালিয়ে যেতে হবে।" মঙ্গলবারের শপথ অনুষ্ঠানে একটি অবিস্মরণীয় অভিষেক বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন ওবামা। এজন্য দুদিন ধরে চলতে থাকা উৎসব উদযাপন থেকে কিছুটা বিশ্রামও নিচ্ছেন তিনি। ওই বক্তৃতায় ওবামা চেষ্টা করবেন মন্দাপীড়িত আমেরিকানদের তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে যে, আমেরিকানরা চাইলে সবকিছু কাটিয়ে ওঠা সম্ভব। একইসঙ্গে বিশ্ববাসীর কাছে ওবামা ওই বার্তাই দিতে চাইবেন যাতে আমেরিকার ভঙ্গুর ভাবমূর্তি পুনরুদ্ধারে তার প্রতিশ্র"তি বাস্তবায়ন করা সম্ভব হয়। স্বাধীনতার পর ৪৪তম এবং দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে বরণ করে নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, প্রস্তুত পুরো বিশ্ব। এখন শুধু ক্ষণ গোণার পালা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এফএইচবি/২০১১ ঘ.