২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের ওপর এখনো ইরানের কুপ্রভাব আছে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছে, ইরাকের স্থিতিশীলতার জন্য ইরান এখনো বড় হুমকি হয়ে আছে এবং ইরাকে সরকারবিরোধী শিয়া জঙ্গিদের সহিংসতায় তাদের মদদ অব্যাহত আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছে, ইরাকের স্থিতিশীলতার জন্য ইরান এখনো বড় হুমকি হয়ে আছে এবং ইরাকে সরকারবিরোধী শিয়া জঙ্গিদের সহিংসতায় তাদের মদদ অব্যাহত আছে। ইরাকে অগ্রগতির বিষয়ে মার্কিন কংগ্রেসে দাখিল করা দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, "ইরানের বার বার প্রতিশ্র"তি সত্ত্বেও উল্টো তাদের কার্যকলাপ থেকে বোঝা যাচ্ছে তারা ইরাকের পূর্ণাঙ্গ নিরাপত্তা এবং স্থিতিশীলতার বিরোধী।" ৬৮ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক পরিস্থিতি অস্থিতিশীল করতে ইরান এখনো জঙ্গিদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ইরাকে আগামী ৩১ জানুয়ারির প্রাদেশিক নির্বাচনে ইরানপন্থি দল ও প্রার্থীদের বিজয়ের মাধ্যমে ইরান দেশটির ওপর তাদের প্রভাব আরও শক্তিশালী করার চেষ্টা করতে পারে। 'ইরাকে স্থিতিশীলতা এবং নিরাপত্তা অবস্থা' শীর্ষক ত্রৈমাসিক এই প্রতিবেদনে আরও জানানে হয়েছে, "ইরাককে স্থিতিশীল রাখতে এবং দেশটির মানুষের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের কুপ্রভাব খর্ব করা খুবই গুরুত্বপূর্ণ।" এতে অভিযোগ করা হয় মার্কিন উপস্থিতির বৈধতা দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাক সরকারের যে চুক্তি হয়েছে ইরান তা নস্যাৎ করার চেষ্টা করছে। ২০১১ সাল পর্যন্ত মার্কিন সেনাদের ইরাকে অবস্থানের বৈধতা দিয়ে করা এই চুক্তিটি গত ডিসেম্বরে অনুমোদন করেছে ইরাকের প্রেসিডেন্সি কাউন্সিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮০৫ ঘ.