বেভারলি হিলস, জানুযারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কম বাজেটের ছবির জয়জয়কার এবারের গোল্ডেন গ্লোব পুরস্কারে। মুম্বাইয়ে এক যুবকের ভালবাসার সুলুকসন্ধান আর বিত্তশালী হয়ে উঠতে 'প্রতিযোগিতায়' নামার কাহিনী নিয়ে "স্লামডগ মিলিওনিয়ার" চলচ্চিত্রটি একাই জিতে নিয়েছে সেরা চারটি পুরস্কার।
সেরা চলচ্চিত্র হওয়ার সাফল্যে অস্কার জেতার প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে গেল স্লামডগ। সেরা পরিচালকও হয়েছেন এর নিপুণ নির্দেশনাদানকারী ডেনি বোয়েল; চিত্রনাট্যের জন্য পুরস্কার হাতে উঠেছে সিমন বুফোয়'এর; আর সুরের ইন্দ্রজাল সৃষ্টি করে সেরা সুরকার হয়েছেন এ আর রহমান।
টেলিভিশন গেম শোতে অংশ নিয়ে মিলিওনিয়ার হওয়ার চেষ্টায় নামে "স্লামডগ মিলিওনিয়ার" এর যুবকটি।
অন্য শীর্ষস্থানীয় পুরস্কারগুলোর মধ্যে মিউজিকেল অথবা কমেডি বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পরিচালক উডি অ্যালেনের "ভিকি ক্রিস্টিনা বার্সিলোনা"।
পুরস্কার ঘোষণায় বিস্ময় ছিল অভিনেত্রী কেট উইস্লেটের দুটি গোল্ডেন গ্লোব পাওয়া। "রিভলিউশনারি রোড" ছবিতে হতাশায় নিমজ্জিত গৃহিণীর ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী এবং "দ্য রিডার" চলচ্চিত্রে এক জার্মান নারীর চরিত্র ফুটিয়ে তোলায় সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারটিও তার দখলে গেছে।
গ্লোন্ডেন গ্লোব পুরস্কারের ইতিহাসে অভিনয় বিভাগে একইজনের দুটি পুরস্কার পাওয়ার ঘটনা এটি তৃতীয়।
উইনস্লেট বলেন, "এটা অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য। এরকম ঘটবে কল্পনাও করিনি।"
শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন মিকি রাউরকে। অনেকদিন ধরেই তার ক্যারিয়ার ভাল যাচ্ছিল না। "দ্য রেসলার" ছবিতে অভিনয়ের মাধ্যমে এই অর্জন আবার তাকে সামনে এগিয়ে দিল।
গোল্ডেন গ্লোব পুরস্কার প্রবর্তন করেছে হলিউডের ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কোন চলচ্চিত্রগুলো অস্কার পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারে তাও দেখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৫৬ ঘ.
bdnews24