ডেট্রোয়েট, জানুযারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নতুন বছরে সামান্য হলেও আশার আলো খুঁজছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। গত বছরের মতো এ বছরও বিক্রি কমে যাওয়ার আশঙ্কার মধ্যে রোববার ডেট্রোয়েটের এক গাড়ি প্রদর্শনীতে বেশ আস্থার সঙ্গে দর্শকের মুখোমুখি হয় কোম্পানিগুলোর কর্মকর্তারা।
ফোর্ড মোটর কোম্পানির বিপণন বিভাগের প্রধান জিম ফারলে জানুয়ারি মাসে তাদের গাড়ির বিক্রি সম্পর্কে বলেন, "আপনাদের শুধু এটুকুই বলতে পারি, যতখানি মনে করেছিলাম, চাহিদা তার চেয়ে বেশি দেখতে পাচ্ছি।"
'নর্থ আমেরিকান ইন্টারন্যাশনাল অটো শো' নামে বিশ্বের এই বৃহত্তম প্রদর্শনীতে ফারলের ফোর্ড ছাড়াও যুক্তরাষ্ট্রের জেনারেল মোটর ও ক্রাইসলারসহ বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতারা দর্শকদের সামনে বিদুৎচালিতসহ পরিবেশবান্ধব গাড়ি তৈরির পরিকল্পনার কথা শুনিয়েছেন।
২০০৮ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১৩ দশমিক ২ মিলিয়ন গাড়ি বিক্রি হয়েছে যা আগের বছরের চেয়ে ১৮ শতাংশ কম।
বেশির ভাগ গাড়ি নির্মাতা মনে করছেন ২০০৯ সালে বিক্রি আরও পড়ে যাবে। ফোর্ড মনে করছে যুক্তরাষ্ট্রে এ বছর বড়জোর ১২ দশমিক ৫ মিলিয়ন গাড়ি বিক্রি হতে পারে। জেনারেল মোটরের (জিএম) হিসাব আরও কম- ১০ দশমিক ৫ থেকে ১২ মিলিয়ন।
'গাড়ি নগরী' হিসেবে পরিচিত ডেট্রোয়েটে এবারের প্রদর্শনীতে বারবারই শোনা গেছে বিদুৎচালিত গাড়ির কথা। প্রদর্শিতও হয়েছে এ ধরনের মডেল।
যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি গাড়ি কোম্পানির পাশাপাশি টয়োটা, হোন্ডাসহ অন্যরাও কয়েক বছরের মধ্যে পুরোপুরি বিদ্যুৎচালিত অথবা আরও উন্নত জ্বালানিসাশ্রয়ী গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা জানিয়েছে।
জিএম দু'বছর আগেই বিদ্যুৎনির্ভর শেভ্রোলেট ভল্ট মডেল প্রদর্শন করে আলোচনায় আসে। রোববার তারা বলেছে, ২০১০ সালের মধ্যে তারা এ গাড়ি বাজারে ছাড়বে।
জিএম জানায়, একবার ব্যাটারি চার্জে তাদের গাড়ি ৪০ মাইল পাড়ি দিতে পারবে, টয়োটা এক চার্জে ৫০ মাইল পাড়ি দেওয়ার পরিকল্পনা জানিয়েছে, ফোর্ড ২০১১ সালের মধ্যে এক চার্জে ১০০ মাইল যাওয়ার মতো গাড়ি তৈরির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০০৮ ঘ.
bdnews24