বেইজিং, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ১০৭ বছর বয়স হয়ে গেলেও এখনও বিয়ে করা হয়ে ওঠেনি ওয়াং গুইয়িংয়ের। এতোদিন এ নিয়ে কোনো তাড়া অনুভব না করলেও এখন বিয়ের পিঁড়িতে বসতে চান চীনের দক্ষিণ গুইঝোর বাসিন্দা এই নারী। আর এজন্য খুঁজছেন তারই মতো শতাব্দী পার করা কোনো এক পুরুষকে, যে তাকে বুঝবে, যার সঙ্গে শতবর্ষের গল্প ভাগাভাগি করে পার করা যাবে বাকীটা জীবন।
বিয়ে নিয়ে ভাবনাটা এ জীবনে আর না ভাবলেও চলে যেতো গুইয়িংয়ের। কিন্তু তার বুড়িয়ে যাওয়া ভাইপো-ভাইঝিদের কাঁধে আর বোঝা হয়ে থাকতে চান না তিনি।
এছাড়া বছর পাঁচেক আগে ১০২ বছর বয়সে পড়ে গিয়ে পা ভেঙ্গে যাওয়ায় এখন আর আগের মতো হাঁটাচলা করতে পারছেন না তিনি। এজন্য কাপড় ধোয়ার মতো প্রতিদিনের ঘরকন্যার অনেক কাজও এখন ছেড়ে দিতে হয়েছে তাকে।
সব মিলিয়ে গুইয়িংয়ের এখন মনে হচ্ছে, "১০৭ বছর বয়স হয়ে গিয়েছে, আমি এখনও বিয়ে করিনি। এখনই যদি পাত্র খুঁজে বের না করি তাহলে আমার কী হবে?"
বিয়ে ভীতির কারণেই প্রথম যৌবনে বিয়ে করা হয়ে ওঠেনি গুইয়িংয়ের। কারণ লবণ ব্যবসায়ীর ঘরে জন্ম নেওয়া গুইয়িং তার শৈশব থেকেই দেখে আসছেন দাম্পত্য কলহ। তার চাচারা সব সময়ই বউ পেটাতো। স্বামীর হাতে মার খেয়ে অঝোরে কাঁদতে থাকা চাচীদের মুখ এখনও তার স্মৃতিতে স্পষ্ট।
তার বাল্যকালের কথা স্মরণ করে গুইয়িং বলেন, সেসময় সব বিবাহিতরাই এরকম জীবনযাপন করতো। এটাই ছিল তখনকার স্বাভাবিকতা। এসব নিয়ে কেউ প্রশ্নও করত না।
বাবা-মা আর বড় বোনের মৃত্যুর পরও বিয়ে করেন নি গুইয়িং। পরিবারের আর কারও সঙ্গে না থেকে গ্রামে চলে গিয়ে চাষবাষ করেই ৭৪ বছর বয়স পর্যন্ত কাটিয়ে দেন তিনি। কিন্তু এরপর আর মাঠে কাজ করার মতো শারীরিক সামর্থ্য না থাকায় ভাইঝি-ভাইপোদের কাছে এসে আশ্রয় নেন গুইয়িং।
ক্রমবর্ধিষ্ণূ চংকিং সিটিতে তাদের আশ্রয়ে ভালই কেটে যাচ্ছিল গুইয়িংয়ের জীবন। কিন্তু এখন ভাইপো-ভাইঝিরা অনেক বুড়িয়ে যাওয়ায় তারা আর তার সেবা সুশ্র"ষা করতে পারবে কিনা তা নিয়ে চিন্তিত তিনি। কেননা তার ছোট ভাইঝিটার বয়সও এখন ৬০ বছর।
তাই কারও ওপর বোঝা না হয়ে এবার বিয়ের ঝামেলাটা সেরে ফেলতে চাইছেন তিনি। স্থানীয় কর্তৃপক্ষও তাকে সাহায্য করতে চায়। এজন্য সেখানকার ওল্ডহোমগুলোতে খোঁজ লাগিয়ে উপযুক্ত বর খুঁজছেন তারাও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮১০ ঘ.
bdnews24