মুম্বাই, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারত জুড়ে ট্রাক ধর্মঘট সোমবার অষ্টম দিনে প্রবেশ করেছে। কয়েকজন গুরুত্বপূর্ণ ইউনিয়ন নেতা গ্রেফতার হওয়ায় ধর্মঘটের কোনও সুরাহা হচ্ছে না। তবে কয়েকটি প্রদেশে অপরিহার্য পণ্য সরবরাহ শুরু হয়েছে।
কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী সোমবার ধর্মঘটের প্রভাব মূল্যায়ন করতে রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা করার আশা প্রকাশ করেছেন। কিন্তু ভারতের ৬০ লাখ ট্রাকের প্রতিনিধিত্বকারী 'অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস' (এআইএমটিসি) বলেছে, তাদেরকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। এআইএমটিসি'র ভাইস প্রেসিডেন্ট পি গোপাল নাইডু বলেছেন, "প্রেসিডেন্ট ও অন্যান্য নেতা গ্রেপ্তারের মুখে কোনও আলোচনা কিভাবে হতে পারে?"
ধর্মঘট চলতে থাকায় ভারতে বেশ কিছু পণ্যের দাম বেড়ে গেছে। দেশের বিভিন্নস্থানে ফলমূল ও সবজি সরবরাহে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। নানাধরনের কর, টোল ও ডিজেলের দাম কমানোর দাবিতে গত সোমবার থেকে হাজার হাজার চালক তাদের ট্রাক রাস্তায় নামাচ্ছেন না।
'অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস' এর প্রেসিডেন্ট চরণ সিং লোহারা জানান, দাবি না মেটা পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন।
ভারতের জুনিয়র তেলমন্ত্রী ১০ দিনের মধ্যে জ্বালানির দাম কমানোর পরিকল্পনা জানিয়েছেন সোমবার। এর আগে ৬ ডিসেম্বরে জ্বালানির দাম সর্বশেষ কমানো হয়েছিল।
মহারাষ্ট্রে ছোট ছোট ইউনিয়নের প্রতিনিধিরা ধর্মঘট প্রত্যাহার করে ফল, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য সরবরাহ শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু এক রাজ্য থেকে আরেক রাজ্যে পণ্য পরিবহন এখনও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্র সরকারের মুখপাত্র। বন্ধ রয়েছে শিল্পপণ্য পরিবহনও। তবে অন্ধ্র প্রদেশ কর্নাটক এবং রাজস্থানের কয়েকটি অংশে আন্তরাজ্য পরিবহন শুরু হয়েছে।
ভারতের ৭০ ভাগ মাল পরিবহন হয় সড়কপথে। গত কয়েক বছরের জোর অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল ভোগ করে আসছিল ট্রাকচালকরা। কিন্তু গত কয়েক মাসে বিশ্ব মন্দার জেরে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের প্রবৃদ্ধিও মন্থর হয়ে পড়েছে। প্রায় ২ লাখ পরিবহন কোম্পানি এ কারণে ক্ষতির মুখে পড়েছে। গাড়ি কেনার ঋণের সুদ বেশি এবং পাশাপাশি রেলওয়ের সঙ্গে পাল
bdnews24