জাতিসংঘ/গাজা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করেছে। এ আহ্বান সত্ত্বেও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো শুক্রবার সেখানে থেমে থেমে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। (আরও তথ্যসহ)
কয়েক দিন ধরে তীব্র তর্কবিতর্কের পর শুক্রবার নিরাপত্তা পরিষদ গাজায় "অবিলম্বে, স্থায়ী ও পরিপূর্ণভাবে মেনে চলার যুদ্ধবিরতি" প্রস্তাব পাস হয়। প্রস্তাবে একই সঙ্গে ইসরায়েলকে গাজা থেকে সরে যাওয়ার কথাও বলা হয়েছে। প্রস্তাবটি পাশ হওয়ার সময় যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল।
ইসরায়েলি কর্মকর্তারা প্রস্তাবটির ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি। তবে ইসরায়েল এ ধরনের প্রস্তাবের বিরোধিতা করে আসছিল। ইসরায়েলি সেনা কর্মকর্তারা স্থল অভিযান অব্যাহত রেখে গাজার আরও বেশি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে।
তবে গাজার হামাস শাসকরাও প্রস্তাবটি মেনে নিচ্ছে না। হামাসের এক মুখপাত্র বলেছেন, এটি প্রণয়নে তাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।
যুক্তরাজ্যের খসড়া করা প্রস্তাবটিতে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার, অবাধে মানবিক সাহায্য সরবরাহ ও শান্তির জন্য ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
১৩ দিন ধরে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও স্থলপথে আক্রমণে ৭৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি পক্ষে নিহত হয়েছে ১৪ জন।
যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হওয়ার আগের রাতেও ইসরায়েলি বোমায় একই ফিলিস্তিনি পরিবারের কমপক্ষে ছয় সদস্য নিহত হয়েছে। হামাসের একটি সূত্র জানায়, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বোমায় পাঁচতলা একটি আবাসিক ফ্ল্যাটভবন মাটির সঙ্গে মিশে গেছে। তবে নিরপেক্ষ সূত্রের মাধ্যমে খবরটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলি বিমানগুলো রাতের অন্ধকারে অন্তত ৩০ বার গাজায় হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২২১ ঘ.
bdnews24