ওয়াশিংটন, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে আল কায়েদার অভিযান পরিচালনা বিভাগের প্রধান ওমাসা আল-কিনি তার এক সহযোগীসহ নিহত হয়েছেন বলে মনে করছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসদমন বিভাগের কর্মকর্তারা। বৃহস্পতিবার তারা এই তথ্য জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, কিনি গত সেপ্টেম্বরে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে হামলাসহ পাকিস্তানে অনেক হামলার জন্য দায়ী। ম্যারিয়ট হোটেলে হামলায় ৫৫ জন নিহত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার জন্যও ব্যর্থ চেষ্টা চালায় কিনি। বেনজির পরে আরেক হামলায় নিহত হন।
কিনি ও তার সহযোগী শেখ আহমেদ সেলিম সোয়েদান কবে, কীভাবে মারা গেছে তার উল্লেখ না করে মার্কিন কর্মকর্তারা শুধু তাদের মৃত্যুর স্থান দক্ষিণ ওয়াজিরিস্তান বলে জানিয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী এই জেলায় যুক্তরাষ্ট্র মাঝে মাঝেই চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
যুক্তরাষ্ট্রের এফবিআই'র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ওই দুজনেরই জন্ম কেনিয়ায়। ১৯৯৮ সালে কেনিয়া ও তাঞ্জানিয়ায় মার্কিন দূতাবাসে হামলার জন্যও তারা দোষীসাব্যস্ত হন।
দক্ষিণ ওয়াজিরিস্তানে গত ১ জানুয়ারি চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বিদেশি যোদ্ধা নিহত হয়েছিল বলে পাকিস্তানে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল। কিনি ও তার সহযোগী ওই তিনজনের দুজন কিনা সে সম্পর্কে মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৫২ ঘ.
bdnews24