মুম্বাই, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারত জুড়ে মঙ্গলবার ট্রাক ধর্মঘটের দ্বিতীয় দিনে বেশ কিছু পণ্যের দাম বেড়ে গেছে। দেশের বিভিন্নস্থানে ফলমূল ও সবজি সরবরাহে অচলাবস্থা সৃষ্টি হওয়ার হুমকি সৃষ্টি হয়েছে।
নানাধরনের কর, টোল ও ডিজেলের দাম কমানোর দাবিতে সোমবার থেকে হাজার হাজার চালক তাদের ট্রাক রাস্তায় নামাচ্ছেন না।
ভারতের ৬০ লাখ ট্রাকের প্রতিনিধিত্বকারী 'অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস'এর প্রেসিডেন্ট চরণ সিং লোহারা জানান, দাবি না মেটা পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন।
তিনি বলেন, "আমরা আলোচনার জন্য সরকারের তরফ থেকে এখনও কোন আমন্ত্রণ পাইনি।"
সোমবার ভারতে মাত্র ১০ থেকে ২০ শতাংশ মালামাল পরিবহন হয়েছে জানিয়ে তিনি বলেন, "আজ পূর্ণ ধর্মঘট শুরু হচ্ছে।" ডিজেলের দাম কমাতে তাদের দাবির প্রতি কৃষকরাও সমর্থন জোগাবে বলে তিনি মন্তব্য করেন।
পাইকারি বিক্রেতারা জানান, তাদের কাছে ফলমূলের যে মজুদ আছে তাতে কয়েক দিন চলবে। পাইকারি ব্যবসায়ীদের ছোট ছোট যানে করে পণ্য সরবরাহ বজায় রাখায় এখনো সংকট তীব্র হয়ে ওঠেনি বলে জানিয়েছেন 'বোম্বে গুডস ট্রান্সপোর্ট এসোসিয়েশনের' মুখপাত্র মহেন্দ্র আরিয়া। তার সংগঠনটিও ধর্মঘটি সংগঠনগুলোর অন্তর্ভুক্ত।
ভারতের ৭০ ভাগ মাল পরিবহন হয় সড়কপথে। গত কয়েক বছরের জোর অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল ভোগ করে আসছিল ট্রাকচালকরা। কিন্তু গত কয়েক মাসে বিশ্ব মন্দার জেরে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের প্রবৃদ্ধিও মন্থর হয়ে পড়েছে। প্রায় ২ লাখ পরিবহন কোম্পানি এ কারণে ক্ষতির মুখে পড়েছে। গাড়ি কেনার ঋণের সুদ বেশি এবং পাশাপাশি রেলওয়ের সঙ্গে পাল্লা দিয়ে পণ্যপরিবহনে লাভবান হতে পারছে না কোম্পানিগুলো।
ভারতের সবচেয়ে বেশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটর্সের বিক্রি গত ডিসেম্বরে আগের বছরের একই সময়ের চেয়ে অর্ধেকেরও বেশি কমে গেছে।
লোহারা বলেন, "সব কিছুর এত দাম, আমরা টিকব কী করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০০৭ ঘ.
bdnews24