২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি গ্রহণ করে গুয়ানতানামো বন্ধে সহায়তায় জাতিসংঘের আহ্বান

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে গুয়ানতানামো বন্দিশিবির বন্ধ করতে সহায়তার জন্য বিভিন্ন দেশকে বন্দিগ্রহণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ভিয়েনায় সোমবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 07:35 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ভিয়েনা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে গুয়ানতানামো বন্দিশিবির বন্ধ করতে সহায়তার জন্য বিভিন্ন দেশকে বন্দিগ্রহণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ভিয়েনায় সোমবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত এ আহ্বান জানান। 'ইউ এন হিউম্যান রাইটস কাউন্সিল' এর বিশেষ দূত ম্যানফ্রেড নোয়াক বলেছেন, অনেক দেশ যারা গুয়ানতানামো বন্দিদের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করেছে তাদের উচিৎ বন্দিদের গ্রহণ করে ওবামাকে বন্দিশিবিরটি বন্ধে তার প্রতিশ্র"তি পূরণের সুযোগ করে দেওয়া। অস্ট্রিয়ান রেডিওকে তিনি বলেন, আটক বেশিরভাগ বন্দিরই গুয়ানতানামোয় থাকার প্রধান করাণ হল "তারা ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন" এবং ১১ সেপ্টেম্বরের হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই। অস্ট্রিয়ার নাগরিক নোয়াক আরও বলেন, বেশিরভাগ ইউরোপীয় দেশ কেন গুয়ানতানামো বন্দিদের গ্রহণ করতে অনাগ্রহী তা তিনি বোঝেন। তার মতে গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ওইসব বন্দিদেরকে "যাবৎকালের ভয়াবহতম অপরাধী হিসেবে" চিহ্নিত করে প্রচারণা চালানোই এই অনাগ্রহের আসল কারণ। কিউবা উপকূলে যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটিতে গুয়ানতানামো সামরিক বন্দিশিবিরটিতে এখনও প্রায় ২৫৫ জন বন্দি রয়েছে। এদের মধ্যে ৫০ জনকে মুক্তি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকলেও নিজ নিজ দেশে তাদের ফেরৎ পাঠানো হলে তারা নিপীড়নের শিকার হতে পারেন এই আশঙ্কায় তাদের ফেরৎ পাঠানো হচ্ছে না বলে জানিয়েছে দেশটি। ২০০২ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫০০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে গুয়ানতানামো বন্দিশিবির থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩০ ঘ.