জেরুজালেম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনিদের এবং সিরিয়ার সঙ্গে শান্তির জন্য ইসরায়েলের উচিত ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে অধিকৃত প্রায় সব ভূখণ্ড থেকে সরে আসা। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের বরাত দিয়ে সোমবার তেল আবিব ভিত্তিক দৈনিক 'ইয়েদিওত আহরোনোত' একথা জানিয়েছে।
২১ সেপ্টেম্বর পদত্যাগের পর থেকে ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ওলমার্ট হিব্র" ভাষার পত্রিকাটিকে বলেন, অধিকৃত পশ্চিম তীর এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে দখল করে নেওয়া গোলান মালভূমি থেকে সরে আসার পদক্ষেপ নিতে তিনি নতুন ক্ষেত্র তৈরি করছেন।
ইসরায়েলে সর্বাধিক প্রচারিত দৈনিকটিকে ওলমার্ট বলেন, "ইসরায়েলের কোনো নেতা এ যাবৎ যা বলেননি আমি তাই বলছি: আমাদের উচিত পূর্ব জেরুজালেম এবং গোলান মালভূমিসহ অধিকৃত প্রায় সব ভূখণ্ড থেকেই সরে আসা।"
পশ্চিমা ও ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনায় ওলমার্ট অধিকৃত পশ্চিম তীরের ৯৩ শতাংশ থেকে সরে আসাসহ গাজা উপত্যকা থেকেও পুরোপুরি সরে আসার প্রস্তাব দিয়েছিলেন। ২০০৫ সালে ইসরায়েল গাজা থেকে সরে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫২ ঘ.
bdnews24