তিবিলিসি, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জর্জিয়া মঙ্গলবার জানিয়েছে, তারা দক্ষিণ ওসেটিয়ার কাছে সোমবার রাশিয়ার একটি চালকবিহীন গোয়েন্দা বিমান গুলি করে ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে রাশিয়ার কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
গত মাসে রাশিয়ার সঙ্গে যুদ্ধের পর মঙ্গলবার প্রথমবারের মতো ওই ধরনের ঘটনা ঘটানোর দাবি জানাল জর্জিয়া।
এ বিষয়ে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শোতা উতিয়াশভিলি বলেন, দক্ষিণ ওসেটিয়া সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের গোরি শহরের কাছে সোমবার সকালে ওই বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়।
তিনি বলেন, "বিমানটি খুরভালেটি ও সিটেলুতানি গ্রামের উপর দিয়ে উড়ছিল।" তিনি আরও বলেন, "আমরা মনে করছি, বিমানটি বাকু-সুপসা (তেল) পাইপলাইনটির এলাকা টহল দিচ্ছিল।
উতিয়াশভিলি বলেন, এটা ছিল স্বল্প পাল্লার চালকবিহীন বিমান। বিমানটি সম্ভবত গোরি এলাকার কয়েক কিলোমিটার উত্তরের যে 'নিরাপত্তা অঞ্চল' এ রাশিয়া অবস্থান করছে সেখান থেকে উড্ডয়ন করে।
তবে রুশ কর্তৃপক্ষ তাদের কোনো বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস সার্ভিসের প্রধান আলেক্সান্ডার দ্রবিশেভস্কি রয়টার্সকে বলেন, "আমার কাছে ওই ধরনের কোনো তথ্য নেই। তথ্য পেলে আমি মন্তব্য করতে পারব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৩ ঘ.
bdnews24