জেরুজালেম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, ২০১০ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে চান। তবে তার এই সিদ্ধান্ত বিরোধী গ্র"প হামাসকে আরও ক্ষিপ্ত করে তুলতে পারে।
আব্বাসের দল ফাতাহ জানিয়েছে, ২০১০ সালে একই সঙ্গে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
তবে হামাস জানিয়েছে, ২০০৯ সালের ৯ জানুয়ারি আব্বাসের ক্ষমতার মেয়াদ শেষ হবে। ২০০৫ সালের পার্লামেন্ট নির্বাচনে হামাসের কাছে পরাজিত হয়েছিল ফাতাহ।
ইসরায়েলের 'হারেৎজ' পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে আব্বাস বলেছেন, "আমি মনে করি, ২০১০ সালের জানুয়ারিতে একই সঙ্গে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর আমরা একটি অধ্যাদেশ জারি করব।" রোববার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
২০১০ সালে প্রেসিডেন্ট নির্বাচন হলে আব্বাস এই সময়ের মধ্যে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়ার সময় পাবেন।
তবে এ বিষয়ে একপাক্ষিক কোনো সিদ্ধান্ত হামাসকে ক্ষিপ্ত করে তুলতে পারে। হামাস নেতারা জানিয়েছেন, ২০০৯ সালের জানুয়ারির পর তারা আব্বাসকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেবে না।
হামাস কর্মকর্তা সামি আবু জহুরি বলেন, "প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াই যদি আব্বাস ক্ষমতায় থাকেন তাহলে তিনি বৈধতা হারাবেন। তখন সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই তার থাকবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২০ ঘ.
bdnews24