ব্যাংকক, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পদত্যাগের চাপে থাকা থাই প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ রোববার বলেছেন, তার সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হওয়ার কোনো আশঙ্কা নেই। একইসঙ্গে সামাক বলেছেন, পূর্বনির্ধারিত সফরসূচি মোতাবেক জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এ মাসের শেষ দিকে তিনি নিউ ইয়র্ক যাবেন।
প্রসঙ্গত, ২০০৬ সালে নিউ ইয়র্কে একই ধরনের সফরে গিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে দেশে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।
প্রধানমন্ত্রী সামাক রোববার তার সাপ্তাহিক টেলিভিশন ভাষণে বলেন, "থাকসিন (সিনাওয়াত্রা) জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে আর ফিরে না এলেও আমি সেখানে ভাষণ দিতে যাব।"
তিনি বলেন, "আমি এখনও পরিস্থিতি মোকাবেলা করতে পারব।"
পদত্যাগের জন্য গত তিন মাস ধরে প্রবল চাপের মুখে আছেন প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ। বিরোধী জোট পিপলস ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (পিএডি) এর কয়েক হাজার কর্মী-সমর্থক প্রায় দুই সপ্তাহ ধরে ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে আছে। পিএডি নেতারা জানিয়েছেন, সামাক পদত্যাগ না করা পর্যন্ত তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রাখবেন।
সংকট সমাধানের লক্ষ্যে সামাক তার সাত মাসের শাসনের ওপর গণভোটের একটি প্রস্তাবও দিয়েছেন। কিন্তু পিএডির নেতা-কর্মীরা তার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে।
থাই রাজনীতিতে শক্তিশালী ভূমিকা রাখার ইতিহাস রয়েছে সেনাবাহিনীর। ১৯৩২ সালের পর বেশ কয়েকবার তারা অভ্যুত্থান ঘটিয়েছে। তাই চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে সেনাবাহিনী আবারও সামরিক অভ্যুত্থান করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ আশঙ্কার দিকে ইঙ্গিত করে রোববারের টেলিভিশন ভাষণে সামাক আরও বলেন, "সেনাপ্রধান ইতিমধ্যেই বলেছেন যে আরেকটি সেনা অভ্যুথান করার কোনো কারণ নেই।"
উল্লেখ্য, থাই সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার বুনসরাং নিয়ুমপ্রাদিত সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে গত শনিবার সাংবাদিকদের বলেন, "আমরা সংকট সমাধানের সম্ভাব্য উপায় খুঁজে বের করার চেষ্টা করছি। তবে আলোচনা থেকে খুব বেশি কিছু পাওয়া যায়নি।"
তিনি বলেন, "আমরা জনগণকে এটা নিশ্চিত করতে চাই যে, আমরা অভ্যুত্থান করছি না, কেননা এটা আরও বেশি জটিলতা তৈরী করবে। আর কেউই এটা চায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬৩৩ ঘ.
bdnews24