কলোম্বো, মঙ্গলবার, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলংকার সেনাবাহিনী মঙ্গলবার তামিল টাইগার বিদ্রোহিদের 'স্নায়ু কেন্দ্র' মাল্লাভি শহর দখল করে নেওয়ার দাবি করেছে। সংঘর্ষে নিহত হয়েছে অন্ততপক্ষে ৪৮ জন এবং আহত হয়েছে ৫৭ জন।
টাইগারদের মর্টার ঘাঁটি নাচিকুদার কাছে বোমা হামলা এবং স্থল অভিযান চালানোর সময় সেনাবাহিনী মাল্লাভি দখল করে নেওয়ার ঘোষণা দেয়।
সরকার পরিচালিত জাতীয় নিরাপত্তা বিষয়ক গণমাধ্যম কেন্দ্র একবিবৃতিতে বলেছে, ৫৭ তম ডিভিশনের সেনারা সোমবার এলটিটিই'র 'স্নায়ুকেন্দ্র' মাল্লাভির তিন-চতুর্থাংশেরও বেশি দখল করে নিয়েছে।
ছবিতে দেখা গেছে, মাল্লাভির কেন্দ্রস্থলে একটি ভবনে শ্রীলংকার পতাকা ঘিরে দাঁড়িয়ে আছে সেনারা। সেনাবাহিনী বলেছে, তামিল টাইগারদের পতাকার বদলে ওই পতাকা টাঙানো হয়েছে। বিদ্রোহিদের কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেছেন, "আজও তারা বাদবাকী এলাকা থেকে বিদ্রোহিদের নির্মূল করছে।" আর সোমবার মাল্লাভি দখলের লড়াইয়ে দুই বিদ্রোহি ও এক সেনা নিহত হয়েছে বলে জানান তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২০ ঘ.
bdnews24