নিউ অরলিন্স, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস)- কিউবা পাড়ি দিয়ে মেক্সিকো উপসাগরে অবস্থানকারী হারিকেন গুস্তাভ রোববার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের দিকে অগ্রসর হচ্ছে। নিউ অরলিন্সের সকল অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন শহরটির মেয়র।
যেমনটা আশঙ্কা করা হচ্ছে, ঘণ্টায় ১৫৫ মাইল বেগে ৪ মাত্রার হারিকেন গুস্তাভ যদি নিউ অরলিন্সে আঘাত হানে তাহলে তিন বছর আগে হারিকেন ক্যাটরিনার আঘাতে যে বাধ ভেঙে গিয়েছিল এবারও সেই একই অবস্থা হতে পারে। ২০০৫ সালের ২৯ আগস্ট আঘাত হানা ক্যাটরিনা ছিল ৩ মাত্রার হারিকেন। সেবার শহরের ৮০ শতাংশই পানিতে তলিয়ে গিয়েছিল।
নিউ অরলিন্সের মেয়র রাই নাগিন গুস্তাভকে 'সকল ঝড়ের মাতা' অভিহিত করে গত শনিবারেই শহরের প্রায় আড়াই লাখ অধিবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ৫টি রাজ্যের এক কোটি ১৫ লাখের বেশি মানুষ গুস্তাভের আঘাতে টের পেতে পারে। তেল কোম্পানিগুলো উপসাগরীয় এলাকায় তাদের উৎপাদন ও তেল শোধনাগারগুলো বন্ধ করে দিয়েছে।
এর আগে জানানো হয়েছিল গুস্তাভ দুর্বল হয়ে পড়েছে। ৪ মাত্রার মারাত্মক এই হারিকেন পরিণত হয়েছে ক্যাটাগরি ৩ মাত্রার হারিকেনে। কিউবার ওপর দিয়ে বয়ে আসা এ ঝড়ের গতি অপ্রত্যাশিতরকম কমে গেছে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা।
এর আগে গত শনিবার ঘন্টায় ২৪০ কিলোমিটার বেগে প্রবল বাতাস আর ভারী বর্ষণে কিউবার পশ্চিমাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে গুস্তাভ। এখন মেক্সিকো উপসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে।
আশঙ্কা করা হচ্ছে মেক্সিকো উপসাগরের উষ্ণ জলরাশি পাড়ি দিতে গিয়ে ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি ৫ মাত্রার প্রলয়ঙ্করী হ্যারিকেনে রূপ নিতে পারে। সেক্ষত্রে এর বাতাসের গতিবেগ দাঁড়াবে ঘন্টায় ২৪৯ কিলোমিটার পর্যন্ত। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
নিউ অরলিন্সে তিন বছর আগে হ্যারিকেন ক্যাটরিনায় ১,৫০০ মানুষের মৃত্যু আর ৮ হাজার কোটি ডলারের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠতে পারার আগেই নতুন হ্যারিকেনের আঘাতের আশঙ্কা বিরাজ করছে সেখানে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নগরীর বিভিন্ন স্থানের বাসিন্দাদের রোববার সকাল থেকে বাড়িঘড় ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৫ ঘ.
bdnews24