২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের খেতাব ফিরে পেলেন চীনের বাও

ইউক্রেনের লিওনিদ স্টাডনিক নতুন পদ্ধতিতে নিজের উচ্চতা পরিমাপে অস্বীকৃতি জানানোর পর চীনের বাও জিসুনকে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের খেতাব ফিরিয়ে দিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

নিউ ইয়র্ক, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউক্রেনের লিওনিদ স্টাডনিক নতুন পদ্ধতিতে নিজের উচ্চতা পরিমাপে অস্বীকৃতি জানানোর পর চীনের বাও জিসুনকে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের খেতাব ফিরিয়ে দিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের এডিটর ইন চিফ ক্রেইগ গ্লেনডি রয়টার্সকে জানিয়েছেন, সাত ফুট ৮ দশমিক ৯৫ ইঞ্চি লম্বা বাও ২০০৬ সালে স্টাডনিকের কাছে ওই খেতাব হারানোর আগ পর্যন্ত দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে রেকর্ড বুকে অর্ন্তভুক্ত ছিলেন। স্টাডনিকের উচ্চতা ৮ ফুট সাড়ে পাঁচ ইঞ্চি। গিনেজ তাদের গাইডলাইন অনুযায়ী, বাওয়ের উচ্চতা পরিমাপ করেছে। সে অনুযায়ী একইদিনের মধ্যে পাঁচবার তার মাপ নেওয়া হয়েছে দাঁড়ানো এবং শোয়া অবস্থায়। তবে একই পদ্ধতিতে উচ্চতা পরিমাপ করতে অস্বীকৃতি জানান স্টাডনিক। এর আগে তার ব্যক্তিগত ডাক্তারের বিবৃতির ভিত্তিতেই তাকে বিশ্বের সর্বোচ্চ মানুষের খেতাব দেওয়া হয়েছিল। গ্লেনডি বলেন, "আমরা জানি এই ক্যটাগরির রেকর্ডের জন্য অনেকেরই আগ্রহ ও উৎসাহ আছে। সে কারণে গুরুত্বের দিকটা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু ডাক্তারের মতামতের ওপর ভিত্তি করে এই রায় দেওয়া যায় না।" তিনি আরও বলেন, "এ ছাড়া এ বিষয়ে যেনো কোনো সন্দেহের অবকাশ না থাকে সেটা নিশ্চিত করার জন্য আমরা নিজেদের পদ্ধতি অনুযায়ী নতুন করে উচ্চতা পরিমাপের সিদ্ধান্ত নিয়েছি।" গ্লেনডি আরও জানান, ২০০৪ সালে স্টাডনিকের কথা জানার পর থেকে গিনেজ তাকে মাপ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছে। গিনেজের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, তাদের কর্মকর্তারা ইউক্রেনে গিয়ে তার মাপ নেবে, অথবা তিনি নিজে ব্রিটেনে এসে মাপ দিয়ে যেতে পারেন। তবে স্টাডনিক কোনোটিতেই রাজি হননি বলে জানিয়েছেন গ্লেনডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০০ ঘ.