ইসলামাবাদ, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহরি মার্কিন হামলায় নিহত বা আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবর শনিবার প্রত্যাখ্যান করেছে পাকিস্তানি তালেবানরা।
আফগান সীমান্তবর্তী এলাকায় গত সোমবার মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় জাওয়াহরি নিহত বা আহত হন বলে জানিয়েছিল মার্কিন গণমাধ্যম।
পাকিস্তানে তালেবান মুখপাত্র মৌলুভি ওমর অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রায়টার্সকে বলেন, "জাওয়াহরিকে তারা এর আগেও অনেকবার হত্যা করেছে। কিন্তু প্রত্যেকবারই তাদের দাবি ভুল প্রমাণিত হয়েছে। এবারও তা যে খবর রটিয়েছে তার কোনো ভিত্তি নেই।"
পাকিস্তানি তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদের একটি চিঠির বরাত দিয়ে সিবিএস নিউজ চ্যানেল জানিয়েছিল, মার্কিন হামলায় জাওয়াহরি নিহত বা আহত হয়েছেন। চ্যানেলটি জানায়, মেহসুদ গত মঙ্গলবার ওই চিঠি লেখেন এবং এতে জাওয়াহরির জন্য চিকিৎসার ব্যবস্থা করার কথা বলা হয়।
এর একদিন আগে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আল কায়েদার এক বোমা বিশেষজ্ঞ নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২০ ঘ.
bdnews24