২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় কসোভো, বেলগ্রেডের 'না'

কসোভোর পররাষ্ট্রমন্ত্রী স্কেনদার হেসেনি গত শুক্রবার জানিয়েছেন, সার্বিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে তার প্রতিপক্ষ সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভুক জেরেমিক জানিয়ে দিয়েছেন, 'বিচ্ছিন্নতাবাদী' সরকারের সঙ্গে তারা কোনো আলোচনায় বসবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

জাতিসংঘ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কসোভোর পররাষ্ট্রমন্ত্রী স্কেনদার হেসেনি গত শুক্রবার জানিয়েছেন, সার্বিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে তার প্রতিপক্ষ সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভুক জেরেমিক জানিয়ে দিয়েছেন, 'বিচ্ছিন্নতাবাদী' সরকারের সঙ্গে তারা কোনো আলোচনায় বসবে না। আলবেনীয় সংখ্যাগরিষ্ঠ কসোভো গত ফেব্র"য়ারিতে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। বিশ্বের এই নতুন দেশটিকে এ পর্যন্ত স্বীকৃতি দিয়েছে ৪৩টি দেশ। এর অধিকাংশই পশ্চিমা দেশ। তবে সার্বিয়া এবং তার মিত্র রাশিয়া জানিয়েছে তারা কখনোই কসোভোকে স্বীকৃতি দেবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তৃতা শেষে কসোভোর পররাষ্ট্রমন্ত্রী হেসেনি সাংবাদিকদের বলেন, "বিভিন্ন ইস্যুতে বেলগ্রেডের সঙ্গে আলোচনায় রাজি আছে প্রিস্টিনা। বেলগ্রেডের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আমরা প্রস্তুত।" তবে তিনি পরিস্কার জানিয়ে দেন, কসোভো একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবেই সার্বিয়ার সঙ্গে আলোচনা করতে চায়। হেসেনি বলেন, "কসোভোর স্বাধীনতা আর কখনোই দরকষাকষিতে আসবে না। সে দিন চলে গেছে। সেটা এখন শুধুই ইতিহাস।" তবে কসোভোর পক্ষ থেকে আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সার্বিয়া। সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জেরেমিক জানিয়েছেন, কসোভোর বিষয়টি নিয়ে তারা জাতিসংঘ মহাসচিব বান কি মুন বা কসোভোতে তার বিশেষ প্রতিনিধি লেম্বার্টো জেনিয়ারের সঙ্গে আলোচনা করতে পারে। তবে এ নিয়ে বেলগ্রেড কখনোই প্রিস্টিনার সঙ্গে আলোচনায় বসবে না। তিনি বলেন, "কসোভোর বিচ্ছিন্নতাবাদী সরকারের সঙ্গে আমরা কোনো রকম আলোচনায় যেতে চাই না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১০ ঘ.