বেইজিং, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অভিযুক্ত দুই যুদ্ধাপোরাধীর বিচার করা হলে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা নাও হতে পারে। পশ্চিমা কূটনীতিকরা বুধবার একথা জানিয়েছেন।
আইসিসি গত সোমবার প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে। আদালতের প্রধান কৌসুলি লুই মরিনো-ওকাম্পো বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, দারফুরের সহিংসতায় প্রায় ৩৫ হাজার লোককে হত্যা এবং ২৫ লাখ লোককে বাস্তুচ্যুত করার জন্য দায়ি প্রেসিডেন্ট বশির। এছাড়াও, ১ লাখ লোককে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্যও তাকে দায়ি করা হয়েছে।
দারফুরে গণহত্যার জন্য আইসিসি গত বছর দুজনকে অভিযুক্ত করেছিল। তবে সুদান ওই অভিযুক্তদের আইসিসি'র হাতে তুলে দিতে অস্বীকার করে এবং দেশেও তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে কোনো পদক্ষেপ নেয়নি।
পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, সুদান ওই যুদ্ধাপোরাধীদের বিচার শুরু করলে বাশারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা নাও হতে পারে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক জানান, বাশারের বিরুদ্ধে প্রধান অভিযোগ তিনি অপরাধীদের বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ নিচেছন না।
তবে আইসিসির প্রধান কৌসুলির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনকে "আগুনে ঘি ঢালা" বলে মন্তব্য করেছে চীনের একটি শীর্ষস্থানীয় পত্রিকা। এর মধ্য দিয়ে বশিরের বিরুদ্ধে অভিযোগ গঠনে চীনের বিরোধিতা আরও স্পষ্ট হল। বৃহস্পতিবার চীনের ক্ষমতাসীন 'চাইনিজ কমিউনিস্ট পার্টি'র পত্রিকা 'দ্য পিপলস ডেইলি আইসিসির পদক্ষেপের এই নিন্দা করেছে।
চীনা কর্তৃপক্ষ মনে করছে, প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় দারফুরের শান্তি প্রচেষ্টা হুমকির মুখে পড়বে।
সুদানের তেল শিল্পের প্রধান বিনিয়োগকারী এবং অস্ত্র সরবরাহকারী চীন দারফুরে সরকারের সঙ্গে বিদ্রোহীদের সমঝোতার চেষ্টা করছে।
অন্যদিকে, জাতিসংঘ বলেছে, চীন এবং রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে আইসিসি'র পদক্ষেপ বন্ধের উপায় খুঁজে বের করা হবে।
এছাড়াও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, চীন সরকার আইসিসি'র কৌসুলির পদক্ষেপের জবাব কিভাবে দেওয়া যায় তা নিয়ে আলোচনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪৫ ঘ.
bdnews24