ইন্ডেপেনডেন্স, মিসৌরি, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশপ্রেম বিতর্ক মোকবেলার লড়াইয়ে নেমেছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা। সোমবার ওবামা তার দেশপ্রেম নিয়ে ওঠা প্রশ্ন প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, প্রচারাভিযানকালে দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন তিনি তুলবেন না। যদিও প্রতিদ্বন্দ্বী প্রার্থী জন ম্যাককেইনের সামরিক রেকর্ডের সমালোচনা করে রাজনীতির মঞ্চ উত্তপ্ত করেছিলেন ওবামারই এক সমর্থক।
মিসৌরির হ্যারি ট্রুম্যান প্রেসিডেন্টশিয়াল লাইব্রেরিতে এক ভাষণে ওবাপমা বলেছেন, "তিনি কারও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলবেন না। তবে তাকে কেউ এ নিয়ে আঘাত করলে তিনি চুপচাপ বসেও থাকবেন না।"
তিনি আরও বলেন, দেশপ্রেম নিয়ে প্রশ্ন, বিতর্ক প্রচারাভিযানে একটি উত্তেজনাকর বিষয়। কিন্তু তাই বলে রাজনৈতিক প্রতিপক্ষ তাকে এ নিয়ে খোঁচা দিলে তিনি তা হাত পা গুটিয়ে বসে বসে দেখবেন না।
ওবামা ৪ জুলাই মার্কিন স্বাধীনতা দিবসকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি শুরু করেছেন। এ উপলক্ষ্যে মার্কিনিদের গুণগান গেয়ে ভাষণও দিয়েছেন তিনি।
ওবামা সমর্থক ওয়েসলি ক্লার্ক গত সপ্তাহে ম্যাককেইনের সামরিক রেকর্ডের সমালোচনা করে বলেছিলেন, ম্যাককেই যুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ায় তার সামরিক রেকর্ডের এখন আর কোনো মানে হয় না। তার এই মন্তব্য প্রচারাভিযানে উত্তেজনা সৃষ্টি করে এবং ওবামা শিবিরের দেশপ্রেম নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
উল্লেখ্য, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ম্যাককেইন ভিয়েতনাম যুদ্ধের সময় সাড়ে ৫ বছর ভিয়েতনামের বন্দি শিবিরে ছিলেন।
তার বিরুদ্ধে ক্লার্কের বিরূপ মন্তব্যে ওঠা বিতর্ক সামলানোর চেষ্টা নিয়ে ওবামা মিসৌরির হ্যারি ট্রুম্যান প্রেসিডেন্টশিয়াল লাইব্রেরিতে বলেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে, দেশপ্রেম প্রশ্ন প্রচারাভিযানে উদ্বেগের জন্ম দিয়েছে।
তিনি বলেন, "প্রচারাভিযানের সময় আমি কখনওই অন্যদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করব না । তবে আমাকে কেউ এধরনের প্রশ্ন করলেও আমি অলসভাবে বসে থাকব না।"
ইলিনয়ের এই সিনেটর একইসঙ্গে ডেমোক্র্যাটদের মধ্যে ভাঙন ঠেকানোরও চেষ্টা করছেন। হিলারি ক্লিনটনের সঙ্গে প্রচারাভিযান চালানোর একদিন পর সোমবার তিনি সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে কানকাস থেকে টেলিফোনে আলাপ করেছেন।
আলাপকালে তিনি ক্লিনটনকে তার সঙ্গে প্রচারাভিযানে অংশ নেয়ার আহ্বান জানান। সাবেক ওই প্রেসিডেন্ট ওবামার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। কিন্তু গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি সম্মেলনের ভাষণে ওবামার কথা উল্লেখ না করায় ক্লিনটন তার প্রতি কতটা প্রতিশ্র"তিবদ্ধ তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ওবামার মুখপাত্র বিল বার্টন অবশ্য বলেছেন, "তিনি সব সময় বিশ্বাস করেন বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের মহান নেতাদের একজন। তিনি প্রচন্ড বুদ্ধিমত্তা সম্মন্ন এবং তাকে সবময়ই প্রচারাভিযানে চেয়েছেন এবং আগামী দিনগুলোতে তার পরামর্শও নেবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০২ ঘ.
bdnews24