ইয়েকাতারিনবার্গ, রাশিয়া, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য ও জার্মানি - এই 'ছয় বিশ্বশক্তি' পরমাণু কর্মসূচি স্থগিত করার বিনিময়ে ইরানকে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেবে। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের একথা জানিয়েছেন।
ল্যাভরভ বলেন, "আমি মনে করছি, ছয় জাতি আলোচনার টেবিলে ইরানের নিরাপত্তা প্রদানের বিষয়টি সরাসরি উত্থাপন করতে পারে এবং মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ইরানের ভূমিকাকে গুরত্ব দেওয়ার নিশ্চয়তা দিতে পারে।"
তিনি আরও বলেন, এই আলোচনা একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থার সমাধান এবং মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় অগ্রগতি এনে দিতে পারে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "আমি বিশ্বাস করি এই অঞ্চলের রাজনৈতিক উত্তেজনা থেকে মুক্তি পাওয়ার এবং ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যে সংকট সৃষ্টি হয়েছে তা নিয়ন্ত্রণের একটা কার্যকর পন্থা হতে পারে এ প্রস্তাব।"
বুধবারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়াল্টার স্টেইনমেয়ার'র সঙ্গে সাক্ষাৎ করেছেন ল্যাভরভ।
ওদিকে, ইরান মঙ্গলবার বলেছে, পরমাণু কর্মসূচির নিয়ে শিগগিরই একটি নতুন প্রস্তাব উত্থাপন করবে তারা। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি নাকচ করে দিয়েছে দেশটি।
অন্যদিকে পশ্চিমা শক্তিগুলো সন্দেহ করছে পরমাণু কর্মসূচির আড়ালে বোমা তৈরীর পরিকল্পনা করছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৬০৪ ঘ.
bdnews24