দিয়ারবাকির,তুরস্ক, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি গেরিলাদের পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে শুক্রবার একটি মিনিবাস বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে একথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই নিরাপত্তা কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় বাসটি বাতমান প্রদেশ দিয়ে যাচ্ছিল। নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন। এছাড়াও আহত পাঁচজনের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তারা।
বাতমান প্রদেশের গভর্নর রিসেপ কিজিলকিক রয়টার্সকে বলেন, " আমাদের ধারণা গ্রামবাসীদের বহন করা মিনি বাসটিকে লক্ষ্য করে দূর নিয়ন্ত্রণ প্রযুক্তির সাহায্যে ওই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।আমরা ঘটনাস্থলে একটি হেলিকপ্টার পাঠিয়েছি।"
সেইসঙ্গে তিনি আরও বলেন, বাসযাত্রীদের 'গ্রামরক্ষী' মিলিশিয়ারাও ছিল।
কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলারা স্বাধীন কুর্দিস্থানের দাবিতে তুরস্কের নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে প্রায়ই এ ধরণের স্থল মাইন পুঁতে রাখে বা তাদের ওপর হামলা করে। তুরস্কের সেনাবাহিনীও কুর্দি গেরিলাদের বিরুদ্ধে স্থল ও বিমান হামলা পরিচালনা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৬১১ ঘ.
bdnews24