ইয়াঙ্গুন, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রবল ঘূর্ণিঝড় নার্গিস শনিবার মিয়ানমারের ইরাবতী ব-দ্বীপ এলাকায় ধ্বংসযজ্ঞ চালানোর পর দেশটির কয়েক লাখ মানুষ এখন খোলা আকাশের নীচে বাস করছে। এছাড়া আশ্রয়হীন এ পরিবেশে তারা ভুগছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে। সোমবার জাতিসংঘের এক কর্মকর্তা একথা বলেছেন।
ওদিকে দুর্গতদের কাছে পলিথিনের ছাউনি, পানি ও রান্নার জিনিস-পত্র পৌঁছে দেওয়ার জোর তৎপরতা শুরু করেছে সাহায্য সংস্থাগুলো। দুর্যোগপূর্ণ সময়ের জন্য সেনা শাসিত সাবেক বার্মার মজুদ থেকে দুর্গতদের এ সাহায্য দেওয়া হচ্ছে।
ক্যাটাগরি ৩ মাত্রার এ ঘূর্ণিঝড়টি শনিবার ভোরের দিকে ১২০ মাইল বেগে ইরাবতী ব-দ্বীপ এলাকার পর তাণ্ডব চালায় মিয়ানমারের সাবেক রাজধানী ও প্রধান বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনে।
সরকার জানিয়েছে, এতে কমপক্ষে ৩৫১ জন নিহত হয়েছে। তবে কর্তৃপক্ষ ব-দ্বীপ এলাকার দ্বীপ ও গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করায় নিহতের সংখ্যা বাড়ার আশংকা করা হচ্ছে। প্রসঙ্গত, পাঁচ কোটি ৩০ লাখ লোকের বসতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্র দেশ মিয়ানমারের ইরাবতী নদীর ব-দ্বীপ এলাকাই দেশটির প্রধান চাল উৎপাদনকারী এলাকা।
সোমবার জরুরি সাহায্য বিষয়ক এক বৈঠকের পর ব্যাংককে অবস্থিত জাতিসংঘের দুর্যোগ মোকাবেলা কার্যালয়ের রিচার্ড হোরসে রয়টার্সকে বলেন, "এটি পরিষ্কার যে, এটি বড় ধরনের এক দুর্যোগ।"
তিনি বলেন, "কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে? আমরা জানি, এ সংখ্যা ছয় অংকের। আমরা আরও জানি, কয়েক লাখ লোকের আশ্রয় এবং বিশুদ্ধ খাবার পানি প্রয়োজন। কিন্তু সেটা কত লাখ লোকের তা আমরা জানি না।"
'দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস' জানিয়েছে, প্রায় আড়াই কোটি লোকের বসতিপূর্ণ যে পাঁচটি এলাকাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে সেখানকার ক্ষয়-ক্ষতি এবং কী পরিমাণ সাহায্য প্রয়োজন তা নিরূপনের চেষ্টা করছে তাদের টিমগুলো।
রেড ক্রসের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মাইকেল অ্যানিয়ার বলেন, "আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কাপড়-চোপড়, পলিথিনের ছাউনি, রান্নার জিনিস-পত্র এবং স্বাস্থ্যবিধি বিষয়ক আইটেম পাঠাচ্ছি। আমরা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে স্থানান্তরযোগ্য পানি সংগ্রহের চেষ্টা করছি।"
তিনি বলেন, "আমরা মিয়ানমারে আরও ত্রাণকর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। আমাদের ওপর বিধি নিষেধ নেই।"
প্রসঙ্গত, মিয়ানমারের জান্তা সরকার ২০০৬ সালে বিদেশি সাহায্য সংস্থাগুলোর ওপর নতুন নীতি আরোপ করেছে। এতে তাদেরকে ভ্রমণ অনুমতি নেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করার জন্য সরকারি রক্ষীবাহিনীও সঙ্গে নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া, সাহায্য সামগ্রী পরিবহন করার ওপরও কঠোর আইন জারি করা হয়েছে ওই নীতিতে।
'ইউএন অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স' এর আঞ্চলিক প্রধান থার্জি স্কাভদাল বলেন, "আন্তর্জাতিক ত্রাণকর্মীদের জন্য ওটাই বিদ্যমান পরিস্থিতি। অধিকাংশ সংস্থা জাতীয় ত্রাণকর্মী দিয়ে কাজ করছে। কারণ, চলাফেরায় তাদের স্বাধীনতা বেশি।"
তিনি বলেন, "দুর্গত লোকদের কাছে যাওয়ার অনুমতি পেতে আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24