লন্ডন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের প্রধান বিরোধীদল কনজারভেটিভ পার্টি জনপ্রিয়তার দিক থেকে ক্ষমতাসীন লেবার পার্টির চেয়ে দ্বিগুণ এগিয়ে আছে। মঙ্গলবার প্রকাশিত এক জরিপ থেকে একথা জানা গেছে।
চলতি সপ্তাহে বিট্রেনে আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হবে। গত জুনে টনি ব্লেয়ারের কাছ থেকে ক্ষমতা নিয়ে গর্ডন ব্রাউন প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ব্রিটেনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হচেছ।
ইংল্যান্ড এবং ওয়েলসের এই নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে তিনি জনগণের মন কতটা জয় করতে পেরেছেন।
ইনডিপেনডেন্ট পত্রিকার জন্য পরিচালিত জরিপে দেখা যায়, সারাদেশে কনজারভেটিভদের জনপ্রিয়তা দ্বিগুণ বেড়েছে।
ব্রাউনের সর্বনিন্ম আয় করের নিয়ম তুলে দেওয়ার সিদ্ধান্তের কারণে তাদের জনপ্রিয়তা কমে কনজারভেটিভরা এগিয়ে গেছে। ব্রাউনের এই সিদ্ধান্তে কারণে ব্রিটেনের স্বল্প আয়ের মানুষরা খুবই নাখোশ।
'দ্য কম রেস' নামের ওই সংগঠনের জরিপ অনুযায়ী, কনজারভেটিভদের পক্ষে আছে ৪০ ভাগ জনগণ। এক্ষেত্রে গত মাসের থেকে তাদের অগ্রগতি হয়েছে দুই ভাগ।
অন্যদিকে, লেবার পার্টির পেছনে জনগণের সমর্থন রয়েছে ২৬ ভাগ। গত মাসের তুলনায় তাদের পতন ঘটেছে পাঁচ ভাগ। কাজেই গত মাসে দুই দলের ব্যবধান ৭ ভাগ থেকে বেড়ে ১৪ ভাগে দাঁড়িয়েছে।
২০০৬ এর সেপ্টেম্বরে 'দ্য কম রেস' এই জরিপ চালু করার পর থেকে লেবার পর্টির বিপক্ষে কনজারভেটিভদের এটাই সবচেয়ে বেশি ব্যবধান।
গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত পরিচালিত এই জরিপে লিবারেল ডেমোক্র্যাটদের জনপ্রিয়তা ২০ শতাংশ বলে জানা গেছে।
ইন্ডিপেন্ডডেন্ট পত্রিকা লিখেছে, "জনপ্রিয়তায় কনজারভেটিভদের এগিয়ে যাওয়া থেকে এটা বোঝা যাচ্ছে যে, বিতর্কিত ১০ শতাংশ আয় কর রেট নির্ধারণে ব্রাউনের সিদ্ধান্ত লেবারদের খেটে খাওয়া সমর্থকরা মেনে নেয়নি।"
আগামী বৃহস্পতিবার ইংল্যান্ড এবং ওয়েলসের ১৬০ আসনের আঞ্চলিক নির্বাচনে লেবাররা বাজে ফল করতে পারে। তাছাড়া, এই দিন অনুষ্ঠেয় লন্ডনের মেয়র নির্বাচনেও তারা হারতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০০ ঘ.
bdnews24