২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট নির্বাচনের ফল যাচাই করবে জিম্বাবুয়ের প্রার্থীরা

জিম্বাবুয়ের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রার্থীরা সোমবার থেকেই যাচাই শুরু করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এতে করে নির্বাচন শেষের চার সপ্তাহ পর প্রকৃত ফল প্রকাশের পথ প্রশস্ত হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

হারারে, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রার্থীরা সোমবার থেকেই যাচাই শুরু করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এতে করে নির্বাচন শেষের চার সপ্তাহ পর প্রকৃত ফল প্রকাশের পথ প্রশস্ত হল। ২৯ মার্চে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন শেষের পর প্রকাশিত আংশিক ফলাফলে ক্ষমতাসীন জানু পিএফ পার্টির পরাজয় নিশ্চিত হয়ে যাওয়ার পর থেকেই প্রেসিডেন্ট নির্বাচনের ফল দ্রুত প্রকাশ করা নিয়ে নেতা রবার্ট মুগাবে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি) এর নেতা মরগান সাভাঙ্গিরাই নির্বাচনে প্রেসিডেন্ট মুগাবেকে পরাজিত করার দাবি করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে বিলম্বের জন্য তিনি মুগাবের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগও তুলেছেন। যুক্তরাষ্ট্র, বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সমালোচকরাও ফল প্রকাশে দেরীর জন্য মুগাবেকে দুষছেন। কিন্তু তারপরও ফল প্রকাশের প্রক্রিয়া দ্রুত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। জিম্বাবুয়ের নির্বাচন কমিশন সোমবার আংশিক ভোট গণনা করতে পারবে বলে মনে করা হচ্ছে। এরপর তারা প্রার্থীদেরকে ডেকে কমিশনের গোনা ভোটের সঙ্গে নিজেদের ভোট ট্যালি মিলিয়ে দেখার আমন্ত্রণ জানাবে। এ প্রক্রিয়া শেষ হতে কয়েক দিন লেগে যেতে পারে। জিম্বাবুয়ে নির্বাচন কমিশন জিইসি'র উপপ্রধান কর্মকর্তা ইউটোইলে সিলাইগওয়ানা রোববার একথা বলেছেন। তিনি রয়টার্সকে বলেন, "আমরা ভোট পুনর্গণনা সোমবারেই শেষ করার আশা করছি। এরপর অবিলম্বে প্রেসিডেন্ট নির্বাচনের ফল যাচাইয়ের প্রক্রিয়া শুরু করব আমরা।" তিনি আরও স্পষ্ট করে বলেন, " এর অর্থ হচ্ছে পুনর্গণনা শেষ হওয়া মাত্র যাচাই প্রক্রিয়া শুরু হবে। সেটি মঙ্গলবার বা অন্য যে কোনোদিন হতে পারে। প্রধান নির্বাচনী কর্মকর্তা তখন প্রার্থীদের কাছে ভোট যাচাইয়ের জন্য লিখিত আমন্ত্রণপত্র পাঠাবে।" প্রার্থীরা ভোটের ফর নিয়ে বিতর্ক তুললে ফল প্রকাশে আরও দেরী হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩ঘ.