২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সদরের হুমকির মধ্যে ইরাক সফরে রাইস

ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর মার্কিন সমর্থিত সরকারের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির পরদিনই অঘোষিত সফরে ইরাক পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

বাগদাদ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর মার্কিন সমর্থিত সরকারের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির পরদিনই অঘোষিত সফরে ইরাক পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। মুকতাদা আল-সদর শনিবার সরকারের বিরুদ্ধে 'সর্বাত্মক যুদ্ধের' হুমকি দেয়। এর পর রাতেই পূর্ব বাগদাদে সদরের মাহদি আর্মি এবং ইরাকি ও মার্কিন বাহিনীর মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির নিরাপত্তা প্রচেষ্টার প্রশংসা করে রাইস জানিয়েছেন, ইরাকের বিভিন্ন গ্র"পের মধ্যে সংহতির ব্যাপারে সহযোগিতা করার জন্যই তিনি ইরাক সফরে গেছেন। সদরের মাহদি আর্মিকে দমন করতে মালিকির নির্দেশে গত মাসে বসরায় অভিযান শুরু করে ইরাকি বাহিনী। কিন্তু ওই অভিযান ফলপ্রসু হয়নি। বরং অভিযানের পর সদর বাহিনী ইরাক জুড়ে বিশেষত দক্ষিণাঞ্চল ও বাগদাদে আরও সক্রিয় হয়ে ওঠে। গত শনিবার সদর এক বিবৃতিতে হুমকি দেন, মাহদি আর্মির লাখ লাখ যোদ্ধা ইরাকি ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করবে। সদর এর আগে ২০০৪ সালে মার্কিন ও ইরাকি বাহিনীর বিরুদ্ধে দু'বার অভ্যুত্থান ঘটিয়েছেন। তবে গত বছর তিনি যুদ্ধ বিরতি ঘোষণা করেন। বিবৃতিতে সদর বলেন, "ইরাকি সরকারকে আমি এই শেষ বারের মত সতর্ক করে দিচ্ছি। শুভবুদ্ধিতে শান্তির পথে ফিরে না আসলে তাদেরকে পূর্বের সরকারের মতই পরিণতি বরণ করতে হবে।" তিনি আরও বলেন, "সরকার যদি সঠিক পথে না চলে তাহলে আমরা সর্বাত্মক যুদ্ধ শুরু করব এবং দেশ মুক্ত না করা পর্যন্ত তা চলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.