ইসলামাবাদ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান শনিবার একটি দূরপাল্লার আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি পরমাণু যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, "হাতফ-৬ (শাহীন-২) ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার বা এক হাজার ২শ' মাইল পাড়ি দিতে সক্ষম এবং একই সঙ্গে পরমাণু ও প্রচলিত যুদ্ধাস্ত্র বহনে সক্ষম।"
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের কৌশলগত ভারসাম্য রক্ষায় এ অর্জনকে একটি "গুরুত্বর্পূর্ণ অধ্যায়" বলে অভিহিত করেন এবং এর জন্য ক্ষেপণাস্ত্র তৈরীর প্রকৌশলী এবং বিজ্ঞানীদের অভিনন্দন জানান।
২০০৪ সালে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি হওয়া সত্ত্বেও দেশদুটি তাদের অস্ত্র প্রতিযোগিতা অব্যাহত রেখেছে।
প্রধানমন্ত্রী গিলানি'র উদ্ধৃতি দিয়ে সেনাবাহিনী জানায়, এই পরমাণু ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতি পুরো জাতির সমর্থন রয়েছে এবং তা আরও সুদৃড় ও শক্তিশালী করার জন্য এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
সেনাবাহিনী জানায়, "তিনি এই ধারণা পরিষ্কার করেছেন যে, পাকিস্তানের নূন্যতম বাস্তব প্রতিরোধ ব্যবস্থার কৌশল পুরোমাত্রায় সক্রিয় রয়েছে এবং এই ব্যবস্থাই এ অঞ্চলে শান্তির নিশ্চয়তা।"
সেনাবাহিনী আরও জানায়, প্রধানমন্ত্রী গিলানি এই নিশ্চয়তা দিয়েছেন যে, পাকিস্তানের নবনির্বাচিত সরকারের কাছে দেশের প্রতিরক্ষা চাহিদা পূরণ অবশ্যই গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৫৭ ঘ.
bdnews24