লন্ডন, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়েতে বিতর্কিত নির্বাচনের পর প্রথম সমাবেশেই সাবেক ঔপনিবেশিক শাসক ব্রিটেনের তিক্ত নিন্দায় সরব হয়েছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। অভিযোগ করে মুগাবে বলেছেন, জনগণকে তার বিরুদ্ধে সংগঠিত করতে ব্রিটেন অর্থ যোগান দিচ্ছে।
গত ২৯ মার্চের নির্বাচনের পর বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষ্যে ওই সমাবেশে ভাষণ দেন মুগাবে। রাজধানী হারারের একটি খেলার মাঠে কয়েক হাজার মানুষের ওই সমাবেশে তিনি ব্রিটেনের বিরুদ্ধে দেশে সঙ্কট ঘনীভূত করার অভিযোগ করেন।
মুগাবে বলেন, "আজ তারা সূক্ষ্ম কৌশল গ্রহণ করেছে। আমাদের জনগণকে নিজের দেশের সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য তারা অর্থ ঢালছে। তারা গরু-ছাগলের মতো মানুষও কিনে নিচ্ছে।"
তিনি আরও বলেন, "জিম্বাবুয়ে আর কখনও কারো উপনিবেশ হবে না। কখনওই না।"
এদিকে, জিম্বাবুয়ের বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা মরগান সাভাঙ্গিরাই বৃহস্পতিবার অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির সদস্যরা গত নির্বাচনের পর একটি জাতীয় সংহতির সরকার গঠনের চেষ্টা করলেও প্রেসিডেন্ট রবার্ট মুগাবের কট্টর সমর্থকরা তা নাস্যাৎ করেছে।
জিম্বাবুয়ের গত ২৯ ফেব্র"য়ারির পার্লামেন্ট নির্বাচনে এমডিসি সংখ্যাগরিষ্ঠতা পায়। তবে একই দিন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
সাভাঙ্গিরাই দাবি করেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় হয়েছে। তবে প্রেসিডেন্ট মুগাবে এই নির্বাচনে পরাজয় স্বীকার করেননি। তিনি পার্লামেন্ট নির্বাচনে পুনরায় ভোট গণনা এবং প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে আছেন মুগাবে।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাভাঙ্গিরাই বলেন, "জানু-পিএফ পার্টির কিছু সদস্যকে নিয়ে একটি মোটামুটি জোট সরকার গঠনের বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তাদের কত সদস্যকে সরকারে নেওয়া যায় এবং আমরাও কিভাবে সরকার গঠন করব এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছিল।"
তিনি জানান, জানু-পিএফ পার্টির পক্ষ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে জানু-পিএফ এর আগে জানিয়েছিল এমডিসি এই উদ্যোগ নেয়।
সাভাঙ্গিরাই জানান, আলোচনায় মোটামুটি এমনটিই ঠিক হয়েছিল যে কেউই তাদের পদ হারাবে না এবং কাউকে বিচারের সম্মুখীন হতে হবে না। প্রেসিডেন্ট মুগাবের ক্ষেত্রেও এই চুক্তি কার্যকর হবে। কিন্তু হঠাৎ করেই সবকিছু পাল্টে যায়।
তিনি বলেন, "আমরা দেখলাম যারা আমাদের কাছে আলোচনার জন্য আসত তারা হঠাৎ করে নিজেদের অবস্থান পাল্টে সভা সমাবেশের আয়োজন করতে থাকল। সেখানে আমাদের কাউকে রাখা হলো না। আমরা বুঝলাম পরিস্থিতি পাল্টে গেছে এবং তারা তাদের আগের পরিকল্পনায় ফিরে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24