আবুধাবি, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিন এলাকায় বিনিয়োগের জন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্য শান্তিদূত ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। মঙ্গলবার তিনি এই আহ্বান জানান।
ফিলিস্তিন এলাকায় বিভিন্ন প্রকল্পে এক বিলিয়ন ডলারের অধিক বিনিয়োগের আশা নিয়ে আগামী ২১ মে বেথেলহামে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক সম্মেলন। ফিলিস্তিন সরকার ও বেসরকারি উদ্যোক্তারা যৌথভাবে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করবে।
ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার পর ফিলিস্তিনের অর্থনীতিকে শক্তিশালী করার অংশ হিসেবে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। মে মাসে এই সম্মেলনের পর আগামী ডিসেম্বর মাসে দাতাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে দাতারা ফিলিস্তিনে আগামী তিন বছরের জন্য প্রায় আট বিলিয়ন ডলারের সাহায্যের প্রতিশ্র"তি দিতে পারে বলে আশা করা হচ্ছে।
বিনিয়োগ সম্মেলনের সমর্থনে মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে টনি ব্লেয়ার জানান, ফিলিস্তিন এলাকায় জনগণের চলাচলের ওপর থেকে বাধা-নিষেধ তুলে ফেলার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। ওই সমস্ত বাধা-নিষেধের কারনে ফিলিস্তিনি অর্থনীতি আরো পিছিয়ে পড়ছে।
ব্লেয়ার বলেন, "সম্মেলনের মূল লক্ষ্য হবে বিনিয়োগকারীদের ফিলিস্তিন এলাকায় বিনিয়োগের আহ্বান জানানো। এটা সত্যি দখলদারিত্বের কারনে ফিলিস্তিন এলাকায় বিনিয়োগে অনেক সমস্যা। তারপরও এটা সত্যি আগামী মাসগুলোতে যাতায়াতের অনেক সমস্যা আমরা দূর করতে পারব বলে আশা করছি।"
তিনি আরও বলেন, "রাজনৈতিক সমস্যার কারনে ফিলিস্তিনের অর্থনীতি পড়ে যাচ্ছে এটা সত্যি, কিন্তু এটাও সত্যি যে এই সমস্যাকে সম্ভাবনায় পরিণত করতে পারলে সেখানে বিনিয়োগের অনেক সুযোগ সৃষ্টি হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২৫ ঘ.
bdnews24