২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় মুঙ্গিকিদের বিক্ষোভে পুলিশের গুলিতে ২ জন নিহত

কেনিয়ার রাজধানী নাইরোবিতে মুঙ্গিকি নামে পরিচিত স্থানীয় অপরাধী চক্রের লোকজনের বিক্ষোভে পুলিশের গুলিতে মঙ্গলবার দুই ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

নাইরোবি, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার রাজধানী নাইরোবিতে মুঙ্গিকি নামে পরিচিত স্থানীয় অপরাধী চক্রের লোকজনের বিক্ষোভে পুলিশের গুলিতে মঙ্গলবার দুই ব্যক্তি নিহত হয়েছে। কেনিয়ায় নির্বাচনোত্তর সহিংষতা এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা রাজনৈতিক অচলাবস্থার শেষে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি এবং বিরোধী নেতা রাইলা ওডিঙ্গার সমঝোতার মধ্যদিয়ে একটি নতুন জোট সরকার ক্ষমতাগ্রহণের পরদিনই নাইরোবির রাজপথে আবারও বিক্ষোভ সহিংসতা শুরু হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে দেশটিতে। রয়টার্স টেলিভিশনের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, নাইরোবির একটি শিল্পাঞ্চলের রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে মুঙ্গিকিরা। এসময় তারা যানবাহনে পাথর ছুঁড়ে মারছিল। পুলিশ সদস্যরা বিক্ষোভে বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং তখন দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। পুলিশ হেফাজতে এক মুঙ্গিকি নেতার স্ত্রীর মৃত্যুর বিরুদ্ধে বিক্ষোভ করছিল তারা। তাদের দাবি পুলিশ হেফাজতে ওই নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে ওই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। কেনিয়ার মাফিয়া চক্র হিসেবে কুখ্যাত মুঙ্গিকি গোষ্ঠীটির সদস্যদের বেশিরভাগই সংখ্যাগরিষ্ঠ কিকুইয়ো জাতিসত্ত্বার অংশ হওয়ার কারণে স্থানীয়ভাবে অনেক শক্তিশালী এ অপরাধচক্রটি। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর লাঠিয়াল বাহিনী হিসেবে ভাড়া খেটে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকার অভিযোগ রয়েছে মুঙ্গিকিদের বিরুদ্ধে। গত বছর তারা বেশ কয়েক ব্যক্তিকে গলাকেটে হত্যার পর মুঙ্গিকিদের বিরুদ্ধে ভয়াবহ অভিযান শুরু করে পুলিশ। সেসময় কয়েকদিনের সহিংসতায় ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫৫ ঘ.