বালাদ বিমান ঘাঁটি, ইরাক, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, তার দেশ ইরাক মিশন শেষ করার চিন্তা করছে। তবে তারা ইরাককে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে আসবে না।
ইরাকে অতিরিক্ত ৩০ হাজার সেনা মোতায়েনের পর সেখানকার নিরাপত্তা পরিস্থিতির অগ্রগতি মূল্যায়ন করতে বাগদাদ সফরে গেছেন ইরাক যুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী ডিক চেনি।
বাগদাদের ৭০ কিলোমিটার উত্তরে বালাদ বিমান ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে চেনি বলেন, "আমেরিকানরা সবাই নিশ্চিত হতে পারে, আমরা ইরাক মিশন শেষ করে দিতে চাইছি, যাতে পরবর্তী প্রজন্মকে এখানে লড়তে আসতে না হয়।"
ইরাক যুদ্ধ পাঁচ বছর পূর্ণ হয়ে এ সপ্তাহে ছয় বছরে পড়েছে। ইরাক যুদ্ধ নিয়ে চরম অখুশি মার্কিন জনগণ। এ কারণে প্রেসিডেন্ট বুশের জনপ্রিয়তা সর্বনিন্মে পৌঁছেছে। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ইরাক যুদ্ধ অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্কের সিনেটর হিলরি ক্লিনটন ও ইলিনয়ের সিনেটর বারাক ওবামা প্রচারণা চালাচ্ছেন তারা প্রেসিডেন্ট হলে ইরাক থেকে সেনা ফিরিয়ে আনবেন।
অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন জানিয়েছেন, ইরাকের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সেখানে প্রয়োজনীয় সেনা রাখার পক্ষে তিনি।
ইরাক যুদ্ধকে মার্কিন সরকারের একটি "সফল প্রচেষ্টা" দাবি করে চেনি সোমবার ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকিকে প্রতিশ্র"তি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরাককে সহযোগিতা অব্যাহত রাখবে।
চেনি বলেন, "আমাদের মিত্রদের ফেলে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তাছাড়া আমরা ইরাককে আমেরিকানদের ওপর হামলার ক্ষেত্র হিসেবে সন্ত্রাসীদের ব্যাবহার করতে দিতে পারি না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০৫ ঘ.
bdnews24