ধর্মশালা, ভারত, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবিলম্বে সহিংসতা বন্ধের জন্য চীনা-তিব্বতি উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা।
তিনি তিব্বতে সহিংসতা উস্কে দিচ্ছেন - চীনা প্রধানমন্ত্রীর এমন অভিযোগ নাকচ করে দিয়ে ভারতের ধর্মশালায় এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার দালাই লামা বলেছেন, সহিংসতা বন্ধ না হলে পদত্যাগ করতে বাধ্য হবেন তিনি।
দালাই লামা বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে পুরোপুরি পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ থাকবে না আমার।"
তিব্বতি আধ্যাত্মিক নেতা বলেন, "১,০০০ তিব্বতি প্রাণ দিলেও তাতে তেমন কোনো লাভ হবে না।"
তিনি বলেন, "দয়া করে চীনা ও তিববতি দু'পক্ষ থেকেই সহিংসতা বন্ধের পদক্ষেপ নিন।"
সহিংসতায় মদদ দেওয়ার চীনা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, চীনাদের কাছ থেকে আমার কিছুই লুকানোর নেই।
অভিযোগ প্রমাণের জন্য তদন্তের আহ্বান জানিয়ে দালাই লামা বলেন, "বিশদ তদন্ত করুন, যদি আপনারা এখান থেকে তদন্ত শুরু করতে চান তাহলে আপনাদের স্বাগত জানাব আমরা। আমাদের বিভিন্ন দপ্তরেও তদন্ত করতে পারেন।"
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় বিশেষ ভঙ্গিমায় দালাই লামা বলেন, "তারা আমার প্রতিটি স্পন্দন, আমার মল-মূত্র সবকিছুই পরীক্ষা করে দেখতে পারে।"
এর আগে, চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও পার্লামেন্ট অধিবেশনের পর এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বলেন, "এ ঘটনা যে দালাই লামা ও তার লোকজনের পরিকল্পিত ও সংগঠিত তার পক্ষে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ রয়েছে।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "তারা স্বাধীনতা নয়, বরং শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাসী বলে দালাই লামা ও তার সমর্থকরা যে দাবি করে আসছেন তা যে মিথ্যা, এ ঘটনা তা-ই স্পষ্ট করে তুলেছে।"
ওদিকে, সোমবার রাতে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন চীনের সেনাবাহিনী এবং তিব্বতি বিক্ষোভকারী উভয় পক্ষের প্রতি সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।
তিব্বতের রাজধানী লাসাতে গত সোমবার বৌদ্ধ সন্ন্যাসীদের নেতৃত্বে স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয়। গত প্রায় দু'দশকের মধ্যে এটা সবচেয়ে বড় বিক্ষোভ। তিব্বতিরা রয়েছে এমন পার্শ্ববর্তী কয়েকটি প্রদেশেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এএমটি/এলকিউ/১৬৫৩ ঘ.
bdnews24