ঢাকা ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও তিব্বতে তার দেশের দমন অভিযানের সমর্থন করে বক্তব্য রেখেছেন। মঙ্গলবার তিনি তিব্বতীদের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার বিরুদ্ধে দাঙ্গা সংগঠিত করার অভিযোগ করেছেন।
এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন চীনা সৈন্যবাহিনী এবং তিব্বতী বিক্ষোভকারী উভয় পক্ষের প্রতি সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্স এবং বিবিসি অনলাইনের।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও পার্লামেন্ট অধিবেশনের পর এক সংবাদ সম্মেলনে বলেন, "এ ঘটনা যে দালাই লামা ও তার লোকজন কর্তৃক পরিকল্পিত ও সংগঠিত তার পক্ষে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে।"
প্রধানমন্ত্রী আরো বলেন, "তারা স্বাধীনতা নয় ,বরং শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাসী বলে দালাই লামা ও তার সমর্থকরা যে দাবি করে আসছেন তা যে একটা মিথ্যা এ ঘটনা তা-ই স্পষ্ট করে তুলেছে।"
দালাই লামা তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিব্বতে চীনের হস্তক্ষেপের পর ১৯৫৯ সালে ভারতে আশ্রয় নেন এ আধ্যাত্মিক নেতা।
তিব্বতের রাজধানী লাসাতে গত সোমবার বৌদ্ধ সন্ন্যাসীদের নেতৃত্বে স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয়। গত প্রায় দু'দশকের মধ্যে এটা সবচেয়ে বড় বিক্ষোভ। তিব্বতী মানুষ রয়েছে এমন পার্শ্ববর্তী কয়েকটি প্রদেশেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১০৪৫ঘ.
bdnews24