২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে আবাসিক ভবনের ওপর ক্রেন ভেঙে ৪ জন নিহত

নিউ ইয়র্কের ম্যানহাটানে এক আবাসিক ভবনের ওপর একটি বিশালাকৃতির ক্রেন ভেঙে পড়ে শনিবার ৪ নির্মাণশ্রমিক নিহত এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এছাড়া ক্রেনটি ধসে পড়ার সময় তা পাশ্ববর্তী ভবনগুলোতে আঘাত হানলে আরও কমপক্ষে ১০ জন আহত হয়। ওই দুর্ঘটনায় একটি চারতলা ভবন প্রায় পুরোটাই বিধ্বস্ত হয়ে যায়। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

নিউ ইয়র্ক, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিউ ইয়র্কের ম্যানহাটানে এক আবাসিক ভবনের ওপর একটি বিশালাকৃতির ক্রেন ভেঙে পড়ে শনিবার ৪ নির্মাণশ্রমিক নিহত এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এছাড়া ক্রেনটি ধসে পড়ার সময় তা পাশ্ববর্তী ভবনগুলোতে আঘাত হানলে আরও কমপক্ষে ১০ জন আহত হয়। ওই দুর্ঘটনায় একটি চারতলা ভবন প্রায় পুরোটাই বিধ্বস্ত হয়ে যায়। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ একথা জানিয়েছেন। নিউ ইয়র্কের বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রেটা ওয়েলখামার জানিয়েছেন, ক্রেনটি ধসে পড়ার সময় তা প্রায় ২০ থেকে ২৫ তলা উঁচুতে ছিল। তিনি বলেন,"ক্রেনটি পুরো দুইভাগ হয়ে ভেঙে পড়ে এবং যে ভবনটির ওপর পড়ে তা তাসের ঘরের মতোই গুঁড়িয়ে যায়।" তিনি বলেন," সবাই ভয়ে দৌড়ে পালাচ্ছিল। সে এক ভয়ংকর পরিস্থিতি।" ওই দুর্ঘটনার সময় তিনি পাশের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন উল্লেখ করে নিউ ইয়র্কের এনওয়াই-ওয়ান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথাগুলো বলেন। দুর্ঘটনার সময় পাশের রাস্তায় থাকা কয়েকটি গাড়ি ভেঙ্গে পড়া ভবনের ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে বলেও জানিয়েছে ওই টিভি চ্যানেলটি। নিউ ইয়র্কের মেয়র ব্লুমবার্গ জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মেয়র জানান, ক্রেনটি এর নিয়মিত কাজের অংশ হিসেবে আরও উচ্চতা বাড়ানোর জন্য নতুন একটি অংশ জোড়া লাগাচ্ছিল। কিন্তু এসময় কোনো কারণে ক্রেনটির একটি বড় হাতলের মতো অংশ ভেঙ্গে পড়লে তা পাশের একটি ১৯ তলা ভবনের ওপর আছড়ে পড়ে। কিন্তু সেখানে কেউ হতাহত না হলেও ক্রেনটি সেখান থেকে ধাক্কা খেয়ে পাশের আরও দুটি ভবনের ওপর গিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নীচের দিকের একটি চারতলা ভবনের ওপর ধসে পড়ে। ওই চারতলা ভবনের নীচতলায় একটি বার থাকলেও তখন সেখানে কেউ না থাকায় হতাহতের সংখ্যা কম হয়েছে। কিন্তু বিশালাকার ক্রেনের আঘাতে ওই ভবনের প্রায় পুরোটাই ধসে পড়েছে। তিনি বলেন, উদ্ধারকর্মীরা ধ্বংস্তুপ সরিয়ে তল্লাশি চালাচ্ছে এবং আরও হতাহত রয়েছে কি না তা খুঁজে দেখছে। তবে উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত নির্মাণশ্রমিক কিংবা আশপাশের ভবনের ঠিক কতজন হতাহত হয়েছেন তা বলা সম্ভব হচ্ছে না। কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখছেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩৬ ঘ.