২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি জয়ী

স্পেনে রোববারের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হোসে লুই রডরিগেজ সাপাতেরোর নেতৃত্বাধীন ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি জয়ী হয়েছে। অবশ্য নির্বাচনে দলটি অল্পের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনের সর্বশেষ অনানুষ্ঠানিক ফলে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 06:58 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মাদ্রিদ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেনে রোববারের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হোসে লুই রডরিগেজ সাপাতেরোর নেতৃত্বাধীন ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি জয়ী হয়েছে। অবশ্য নির্বাচনে দলটি অল্পের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনের সর্বশেষ অনানুষ্ঠানিক ফলে একথা জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এ বিজয় স্পেনের অর্থনৈতিক মন্দা ঠেকাতে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির প্রকল্পগুলো আরও ত্বরিত গতিতে বাস্তবায়নের পথ সুগম করবে। রোববার রাতেই রাজধানী মাদ্রিদে উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সাপাতেরো বলেন, "আমি জনগণের জন্য দেশ শাসন করব। যাদের কিছুই নেই তাদের নিয়েই আমার প্রথম চিন্তা।" গণনাকৃত ৯৬ শতাংশ ভোটের ফলাফলে দেখা গেছে, ৩৫০ আসনের নিম্নকক্ষ বা কংগ্রেসে ১৬৯ আসনে বিজয়ী হয়েছে সোশ্যালিস্ট পার্টি। কংগ্রেসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের প্রয়োজন ছিল ১৭৬ আসন। নির্বাচনে কংগ্রেসে ১৫৩ আসনে বিজয়ী হয়েছে প্রধান বিরোধীদল রক্ষণশীল পপুলার পার্টি (পিপি)। অবশ্য, ২০০৪ সালের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে কংগ্রেসে সোশ্যালিস্ট পার্টি ও পপুলার পার্টি উভয় দলই পাঁচটি করে বেশি আসনে বিজয়ী হয়েছে। আর আসন কমেছে ছোট ছোট বামপন্থি দলগুলোর। নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী সাপাতেরোকে অভিনন্দন জানিয়েছেন পপুলার পার্টির নেতা মেরিয়ানো রাজয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সোশ্যালিস্ট পার্টিকে যত শিগগির সম্ভব একটি অনানুষ্ঠানিক জোট গঠন করা প্রয়োজন। এছাড়া, সাপাতেরো কত দ্রুত এবং সঠিক উপায়ে অর্থনৈতিক মন্দা দূরীকরণের পদক্ষেপ বাস্তবায়ন করতে সক্ষম হবেন তাও নির্ভর করছে কোন কোন ছোট দলের সঙ্গে তিনি জোট সরকার গঠন করেন তার ওপর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সোশ্যালিস্টরা ক্যাটালান জাতীয়তাবাদী দল কনভারজেনসিয়া আই ইউনিয় (সিআইইউ) এর সাথে জোট গঠন করতে পারে। নির্বাচনে সিআইইউ ১০টি আসনে বিজয়ী হয়েছে। রোববারের নির্বাচনে যোগ্য ভোটার সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন কোটি। ভোট পড়েছে ৭৫ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে সোশ্যালিস্ট পার্টি পেয়েছে ৪৩ দশমিক ৭ শতাংশ এবং পপুলার পার্টি পেয়েছে ৪০ দশমিক ১ শতাংশ। নির্বাচন পূর্ব জনমত জরিপগুলোতেও ক্ষমতাসীন সমাজতন্ত্রীদের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা বিরাজ করছিল। গত শুক্রবার বাস্ক কাউন্টিতে সোশালিস্ট পার্টির সাবেক এক কাউন্সিলর গুলিতে নিহত হওয়ার ঘটনায় নির্বাচনী প্রচারাভিযান আগে ভাগেই শেষ করে দিতে হয়। ওই হত্যাকাণ্ডের জন্য বাস্ক বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে পুলিশ। এছাড়া, বড় বড় দলগুলোও এই ঘটনার জন্য ইটিএ-কেই দায়ী করেছে। তবে কেউ ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। এবার নির্বাচনী প্রচারাভিযানে স্পেনের অর্থনৈতিক মন্দার পাশাপাশি মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিষয়টিও বারে বারে ঘুরে ফিরে এসেছে। দেশটির মুদ্রাস্ফীতি গত দশ বছরে এবং বেকারত্ব গত আট বছরের মধ্যে সর্বোচ্চে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২৬ ঘ.