২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্পেনে সাধারণ নির্বাচনে রোববার সকাল থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। কংগ্রেস ও সিনেটের এই নির্বাচনে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে রাত ৮টা পর্যন্ত। রোববার রাতেই ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 08:16 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মাদ্রিদ, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেনে সাধারণ নির্বাচনে রোববার সকাল থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। কংগ্রেস ও সিনেটের এই নির্বাচনে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে রাত ৮টা পর্যন্ত। রোববার রাতেই ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী জোসে লুই রডরিগজ জাপাতেরোর জোট আরও চার বছর ক্ষমতায় থাকবে নাকি মারিয়ানো রাজয়য়ের বিরোধী রক্ষণশীল পপুলার পার্টি ক্ষমতায় আসবে দেশটির সাড়ে তিন কোটি ভোটার এই সিদ্ধান্ত দেবে। তবে ক্ষমতাসীন সমাজতন্ত্রীদের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার বাস্ক কাউন্টিতে সোশালিস্ট পার্টির সাবেক এক কাউন্সিলর গুলিতে নিহত হওয়ার ঘটনায় নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হয়েছে। প্রচারাভিযান আগে ভাগেই শেষ করে দিতে হয়েছে। ওই হত্যাকাণ্ডের জন্য বাস্ক বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে পুলিশ। এছাড়া বড় বড় দলগুলোও এই ঘটনার জন্য ইটিএ-কেই দায়ী করেছে। তবে কেউ ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। গত নির্বাচনের আগে বোমা হামলার ফলে সৃষ্ট ক্ষোভকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছিল সোশালিস্ট পার্টি। ইসলামি জঙ্গিদের বোমা হামলার দায় বাস্ক বিচ্ছিন্নতাবাদীদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিলেন জাপাতেরো। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, অর্থনৈতিক দুরাবস্থা ও অভিবাসন সমস্যায় জর্জরিত বর্তমান সময়ে সাবেক কাউন্সিলর নিহত হওয়ার ঘটনাকে কাজে লাগিয়ে জাপাতেরো তেমন লাভবান হতে পারবেন বলে মনে হচ্ছে না। অর্থনীতিবিদরা জানিয়েছেন, প্রবৃদ্ধির হার এ বছর সর্বনিম্ন দুই শতাংশে নামতে পারে। ১৯৯০ এর দশকের পর স্পেনে প্রবৃদ্ধির হার এত নিচে নামেনি। এবার নির্বাচনী প্রচারাভিযানে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি মূদ্রাস্ফীতি ও বেকারত্বের বিষয়টিও বারে বারে ঘুরে ফিরে এসেছে। মূদ্রাস্ফীতি গত দশ বছরে এবং বেকারত্ব গত আট বছরের মধ্যে সর্বোচ্চে দাঁড়িয়েছে। ৩৫০ আসনের কংগ্রেসে ২০০৪ সালের নির্বাচনে বর্তমান প্রধানমনন্ত্রী রডরিগজ জাপাতেরোর নেতৃত্বাধীন সোশালিস্ট পার্টি (পিএসওই) পেয়েছিল ১৬৪ আসন। আর মারিয়ানো রাজয়য়ের নেতৃত্বাধীন প্রধান বিরোধীদল পপুলার পার্টি (পিপি) জিতেছিল ১৪৮ আসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৪০৫ ঘ.