২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়া সীমান্তে সেনা পাঠিয়েছে ভেনেজুয়েলা-ইকুয়েডর

ভেনেজুয়েলা এবং ইকুয়েডর রোববার কলম্বিয়া সীমান্তে সেনাবাহিনী পাঠিয়েছে। কলম্বিয়ার সেনারা শনিবার ইকুয়েডরে অভিযান চালিয়ে এক কলম্বীয় গেরিলা নেতাকে হত্যার পর এ পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলা ও ইকুয়েডর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 08:21 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

কারাকাস/কুইটো, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভেনেজুয়েলা এবং ইকুয়েডর রোববার কলম্বিয়া সীমান্তে সেনাবাহিনী পাঠিয়েছে। কলম্বিয়ার সেনারা শনিবার ইকুয়েডরে অভিযান চালিয়ে এক কলম্বীয় গেরিলা নেতাকে হত্যার পর এ পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলা ও ইকুয়েডর। যুক্তরাষ্ট্রের কট্টর বিরোধী ভেনেজুলেয়ার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কলম্বিয়া সীমান্তে সেনা পাঠানোর পাশাপাশি ট্যাংক এবং যুদ্ধবিমানও মোতায়েন করেছেন। এছাড়া, ইতিমধ্যেই তিনি বোগোটা থেকে কূটনীতিক প্রত্যাহার করেছেন। কলম্বিয়ার সামরিক অভিযানকে ইকুয়েডরের সার্বভৌমত্বের আন্তর্জাতিক লঙ্ঘন হিসাবে অভিহিত করেছেন বামপন্থি শ্যাভেজের ঘনিষ্ঠ মিত্র ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। একইসঙ্গে তিনি তার দেশ থেকে কলম্বিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন এবং বোগোটা থেকে তার দেশের কূটনীতিককে ফেরত আসার নির্দেশ দিয়েছেন। ওদিকে, সীমান্ত পেরিয়ে সামরিক অভিযান চালানোর জন্য ইকুয়েডরের কাছে ক্ষমা প্রার্থনা করেছে কলম্বিয়া। তবে একইসঙ্গে কলম্বিয়া বলেছে, ইকুয়েডর থেকে তাদের সেনাদের ওপর গুলি চলার কারণে সেখানকার গেরিলা শিবিরে অভিযান চালানো প্রয়োজন হয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কলম্বিয়া আরও বলেছে, গেরিলা শিবিরটিতে অভিযান চালিয়ে তারা এমন কিছু তথ্য-প্রমাণ পেয়েছে যাতে কোরিয়া এবং গেরিলাদের সঙ্গে যোগাযোগ থাকার বিষয়টি ধরা পড়েছে। কলম্বিয়ার সেনাবাহিনী গত শনিবার ইকুয়েডরের একটি জঙ্গলে অভিযান চালিয়ে কলম্বিয়ার কমিউনিস্ট গেরিলা সংগঠন 'এফএআরসি' (ফার্ক) এর শীর্ষ কমান্ডার রাউল রেইসকে হত্যা করে। সীমান্তজুড়ে পরিচালিত ওই অভিযানে স্থলবাহিনীর পাশাপাশি বিমানবাহিনীও অংশ নেয়। একইদিন ভেনেজুয়েলায় হামলা চালানোর ব্যাপারে কলম্বিয়ায়কে সতর্ক করে দেন শ্যাভেজ। তিনি বলেন, ইকুয়েডরে হামলা চালিয়ে কলম্বিয়ার সেনারা যেভাবে এক কলম্বীয় গেরিলা নেতাকে হত্যা করেছে ঠিক একইভাবে তারা ভেনেজুয়েলায় হামলা চালালে তা "যুদ্ধের কারণ" হয়ে দাঁড়াবে। শ্যাভেজ বলেন, "আপনরা এখানে একই কাজ করতে পারবেন বলে মনে করবেন না। কারণ, ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পরিণতি হবে খুবই মারাত্মক এবং এতে যুদ্ধ বেধে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩২৬ ঘ.