২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্তির মুখে সুমাত্রার বাঘ

নিষিদ্ধ হলেও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে জনসম্মুখে বিক্রি হচ্ছে বাঘের দাঁত, নখ, চামড়া ও গোঁফ। ফলে বিলুপ্ত হতে চলেছে দ্বীপটির বিশ্বখ্যাত বাঘ 'প্যানথেরা টাইগ্রিস সুমাত্রেই।' বুধবার বন্যপ্রাণী পর্যবেক্ষণ বিষয়ক সংগঠন 'ট্রাফিক' এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 10:51 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

সিঙ্গাপুর, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিষিদ্ধ হলেও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে জনসম্মুখে বিক্রি হচ্ছে বাঘের দাঁত, নখ, চামড়া ও গোঁফ। ফলে বিলুপ্ত হতে চলেছে দ্বীপটির বিশ্বখ্যাত বাঘ 'প্যানথেরা টাইগ্রিস সুমাত্রেই।' বুধবার বন্যপ্রাণী পর্যবেক্ষণ বিষয়ক সংগঠন 'ট্রাফিক' এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ৩২৬ জন স্বর্ণকার, ঐতিহ্যবাহী চীনা ওষুধের বিক্রয়কেন্দ্র এবং স্মৃতিচিহ্ন ও প্রাচীন শিল্পকর্মের দোকানে ২০০৬ সালে ব্রিটেন-ভিত্তিক সংগঠনটির এক জরিপের ফলে জানা গেছে, নিষিদ্ধ ওইসব জিনিস তৈরি করতে কমপক্ষে ২৩টি বাঘ হত্যা করা হয়েছে। "দ্য টাইগার ট্রেড রিভিসিটেট ইন সুমাত্রা, ইন্দোনেশিয়া" শিরোনামের এ প্রতিবেদনের প্রধান লেখক ও "ট্রাফিক সাউথ-ইস্ট এশিয়া" এর প্রোগ্রাম অফিসার জুলিয়া এনজি বলেন, "বাঘ হত্যার এ সংখ্যা ১৯৯৯-২০০২ সালের তুলনায় কম। ওই সময় প্রতি বছর গড়ে ৫২টি বাঘ হত্যা করা হত।" তবে তিনি বলেন, "দুঃখজনক হচ্ছে, বনে বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণেই হত্যার সংখ্যা কমে গেছে।" দ্বীপটিতে ১৯৭০ এর দশকেও প্রায় এক হাজার বাঘ ছিল বলে জানা যায়। কিন্তু বর্তমানে সে সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ধারণা করা হয়, আগুন ধরিয়ে বন উজাড়, বাঘ-মানুষ সংঘাত এবং বাঘের দেহের বিভিন্ন অংশ ও তা থেকে তৈরি জিনিসের অবৈধ বাণিজ্যর কারণে এমন হয়েছে। উল্লেখ্য, বাঘের হাড় ও দেহের অন্যান্য অংশ চিকিৎসাক্ষেত্রে এবং ওষুধ তৈরিতে ব্যবহার হয়ে আসছে। তাছাড়া, বাঘের দাঁত এবং থাবা সোনার অলংকার তৈরিতেও ব্যবহৃত হয়। জুলিয়া এনজি বলেন, "সুমাত্রার বাঘের সংখ্যা কমে ৪০০-৫০০'র মধ্যে এসে দাঁড়িয়েছে। অবৈধ শিকার এবং বাণিজ্য বন্ধ না হলে বালি ও জাভার বাঘের মতো সুমাত্রার বাঘ হারিয়ে যেতে কত দিন লাগবে তা হিসাব করতে কোনো গণিতবিদেরই তেমন সময় লাগবে না।" প্রসঙ্গত, বর্তমান বিশ্বে যে কয়েক প্রজাতির বাঘ আছে তার মধ্যে সুমাত্রার বাঘই এখন সবচেয়ে হুমকির মুখে রয়েছে। এমন প্রেক্ষাপটে সেখানকার বাঘের দেহের সব অঙ্গ-প্রত্যঙ্গের বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। আর নিষেধাজ্ঞা সত্ত্বেও কেউ সে বাণিজ্য করে ধরা পড়লে বা বাঘের অঙ্গ-প্রত্যঙ্গ নিজের কাছে রাখলে তার জন্য ১১ হাজার মার্কিন ডলার জরিমানাও ধার্য্য করা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২০ ঘ.