জাকার্তা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রবল বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর 'সুকর্ণ হাত্তা এয়ারপোর্ট' সাময়িকভাবে বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। ব্যাহত হয় ভ্রমণ। ওদিকে প্রবল বর্ষণে ইন্দোনেশিয়াজুড়ে সৃষ্ট বন্যায় অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। জাকার্তার প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে যাওয়ায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে ।
প্রবল বৃষ্টিপাতের কারণে শুক্রবার ভোর থেকেই সুকর্ণ-তে প্রায় ৪০ টিরও বেশি ফ্লাইট বিলম্বিত করতে বাধ্য হন কর্তৃপক্ষ। ওদিকে, প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কয়েকটি ফ্লাইট উড্ডয়নের সময়ই স্পষ্টভাবে কিছুই দেখতে না পাওয়ার কারণে সঙ্গে সঙ্গেই সেনগুলো ফিরে আসলে সকাল ১০টার দিকে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। অবশ্য পরে বেলা বারোটার সময় বিমান বন্দরটি পুনরায় খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে সুকর্ণ হাত্তা'র এক কর্মকর্তা জানান "রানওয়ে ঠিকঠাকই আছে সেখানে পানি জমে যায়নি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। দৃশ্যমানতার মাত্রা কমপক্ষে ৫০০ মিটারেরও বেশি হওয়া প্রয়োজন হলেও সেখানে বর্তমানে দৃশ্যমানতা মাত্র ৩০০ মিটার।"
তিনি জানান, " সকাল ১০ টা থেকে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। ৪৩ টি ফ্লাইট বিলম্বিত করা হয়েছে এবং বাইরে থেকে জাকার্তায় আসা ১২টি ফ্লাইট এখানে অবতরণ করতে পারেনি।"
ওই কর্মকর্তা পরে আরও জানান, ১৫ টি ফ্লাইটকে জাকার্তার হালিম বিমানবন্দরে স্থানান্তর করে দেওয়া হয়েছে। অন্যদিকে জাকার্তায় আসা অনেক বিমানকে সিঙ্গাপুরে ফেরৎ পাঠানো হচ্ছে।
ওদিকে, পুরো জাকার্তার প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন স্থানের রাস্তাঘাটে প্রায় হাঁটু সমান পানি জমে যায় প্রচণ্ড বৃষ্টিতে। প্রেসিডেন্ট সুসিলো বামাবাং ইয়োধোইনোর গাড়ি বহরও রাস্তায় জমে থাকা পানিতে আটকা পড়লে ইয়োধোইনো তার মার্সিডিজ বেঞ্চ থেকে নেমে আসতে বাধ্য হন।
জাকার্তায় প্রতি বছরই এ সময়ের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং বন্যায় ডুবে যায় এ নগরী। গত বছরের বন্যায় জাকার্তায় ৫০ জন নিহত হন এবং প্রায় ৪ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪০ ঘ.
bdnews24