গাজা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলি বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ১৯৫ জনের বেশি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে দুই শতাধিক। চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীরা এ খবর জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযানের কথা স্বীকার করে জানিয়েছে, সন্ত্রাসীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।
আল জাজিরা টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় কমপক্ষে ৩০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হামাসের কয়েকটি পুলিশ কম্পাউন্ড ধংস হয়ে গেছে।
টেলিভিশনে প্রদর্শিত চিত্রে দেখা যায়, রাস্তার ওপর বিচ্ছিন্নভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে মরদেহ এবং আহতরা। তাদের উদ্ধারে ব্যস্ত হত-বিহ্বল উদ্ধারকারীর। এছাড়া অনেগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে আল জাজিরা টেলিভশন জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১২০ জনের বেশি নিহত এবং ২২০ জন আহত হয়েছে।
হামাস পুলিশের মুখপাত্র ইসলাম শাহওয়ান জানিয়েছেন, গাজার একটি পুলিশ কম্পাউন্ডে ইসরায়েলি বাহিনী যখন হামলা চালায় তখন সেখানে নতুন পুলিশ সদস্যদের একটি অনুষ্ঠান চলছিল। ওই হামলায় পুলিশ প্রধান তৌফিক জাবেরও নিহত হয়েছেন।
ইসরায়েল গত শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার সীমান্ত পারপার পথ খুলে দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রকেট হামলার বিরুদ্ধে ফিলিস্তিনি গেরিলা দল হামাসকে হুঁশিয়ারি দেওয়ার একদিন পরই গাজা সীমান্ত পুনরায় খুলে দেয় তারা।
ওলমার্ট এর আগে রকেট হামলার বিরুদ্ধে হামাসকে সতর্ক করে দিয়ে বলেন, এ হামলা বন্ধ না হলে তিনি গাজায় সামরিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবেন না। হামাস শাসকদের বয়কট করার জন্য তিনি গাজার ফিলিস্তিনিদের প্রতি আহ্বানও জানান।
২০০৭ সালের জুনে হামাস গেরিলারা গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল সেখানে কঠোর অবরোধ আরোপ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩০৫ ঘ.
bdnews24