জাতিসংঘ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের নিষিদ্ধ ব্যক্তি ও গ্র"পের তালিকায় যোগ হয়েছে পাকিস্তানের জামাত-উদ-দোয়া ও লস্কর-ই-তৈয়্যবার ৪ নেতা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি কমিটি ৪ লস্কর নেতার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপসহ তাদের সম্পত্তি বায়েজায়প্ত করেছে। জাতিসংঘ বুধবার একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)
পাকিস্তান-ভিত্তিক দল লস্কর-ই-তৈয়্যবার ওই চার নেতার সঙ্গে আল-কায়েদার যোগসাজস রয়েছে বলে মনে করা হচ্ছে। গত মাসে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় এদের হাত আছে বলে অভিযোগ করেছে ভারত। নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত জঙ্গিদের মধ্যে রয়েছে হাফিজ মুহাম্মদ সাঈদ। জাতিসংঘ বিবৃতিতে বলা হয়েছে, হাফিজই দলনেতা।
অন্যান্যদের মধ্যে রয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত জাকি-উর-রেহমান লাখভি, দলের অভিযান পরিচালক হাজি মুহম্মদ আশরাফ, দলের প্রধান অর্থ ব্যবস্থাপক ভারতীয় বংশোদ্ভূত মাহমুদ মোহাম্মাদ আহমেদ বাহাজিক।
এই চার নেতার ওপর মে মাসে মার্কিন রাজস্ব বিভাগের নিষেধাজ্ঞাও আরোপ হয়েছিল।
এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১২৬৭ প্রস্তাবনা অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও দলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পত্তি বাজেয়াপ্তকরণের তালিকায় জামাত-উদ-দোয়া এবং লস্কর নেতাদের অন্তর্ভুক্ত করা হল। ওই প্রস্তাবনার আওতায় আল-কায়েদা, ওসামা বিন লাদেন ও তালেবানদের সমর্থকদের ওপর ১৯৯৯ সাল থেকে নিষেধাজ্ঞা আরোপ করা আছে।
লস্কর ই তৈয়্যবার সঙ্গে সম্পৃক্ততার কারণে জামাত-উদ-দোয়াকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কমিটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ওয়াশিংটন এক বিবৃতিতে একথা জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, "এ ধরনের পদক্ষেপে পরিচিত সন্ত্রাসীদের অবাধ ভ্রমণ, অস্ত্র সংগ্রহ, হামলার পরিকল্পনা করা কিংবা নতুন সন্ত্রাসী হামলার জন্য তহবিল সংগ্রহের সুযোগ কমবে।"
মঙ্গলবার লস্কর-ই-তৈয়্যবা সংশ্লিষ্ট পাকিস্তানি মুসলিম দল জামাত-উদ-দোয়াকে নিষিদ্ধ করতে জাতিসংঘকে অনুরোধ জানায় ভারত। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহামেদ মুম্বাই হামলার জন্য দায়ী ব্যক্তিদের সন্ত্রাসের কালো তালিকাভুক্ত করে শাস্তি দিতে সাহায্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিষয়ক বিশেষ বৈঠকে আহামেদ বলেন, "সন্ত্রাসের সংশ্রবে থাকায় আমরা পাকিস্তানি দল জামাত-উদ-দোয়াকে নিষিদ্ধ করার জন্য নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছি।"
তিনি বলেন, "মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় যারা কোনো না কোনোভাবে দায়ী, তারা যেখানেই থাকুক, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৩৬ ঘ.
bdnews24