ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- বিশ্বের এ যাবতকালের সবচেয়ে বড় বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর যন্ত্র 'লার্জ হ্যাডরন কোলাইডার' (এলএইচসি) এ সতর্কীকরণ ব্যবস্থা স্থাপনের সুপারিশ করেছে দুর্ঘটনা তদন্ত কমিটি। পারমাণবিক গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান 'ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ'(সার্ন) এর জন্য এই তদন্ত কাজ চলছে।
দুর্ঘটনার কারণে ২০০৯ সালের জুন পর্যন্ত এলএইচসি বন্ধ রাখা হচ্ছে।
তদন্ত কমিটির সুপারিশকৃত সতর্কীকরণ ব্যবস্থা হিলিয়াম নিঃসরণের প্রাথমিক অবস্থা সনাক্ত করতে পারবে এবং এ ব্যপারে সতর্ক করে দেবে।
'লার্জ হ্যাডরন কোলাইডার' যন্ত্র দিয়ে গত ১০ সেপ্টেম্বর 'বিগ ব্যাং' বা মহাবিস্ফোরণ তত্ত্বের দীর্ঘ প্রতীক্ষিত প্রায়োগিক পরীক্ষা শুরু হয়। বিজ্ঞানীরা আশা করছেন এ পরীক্ষা মহাবিশ্ব এবং এর উৎপত্তি সম্পর্কে আরো জানতে তাদের সাহায্য করবে। 'বিগ ব্যাং' তত্ত্বে মনে করা হয়, বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে কয়েকশ কোটি বছর আগে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল।
সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে মাটির ১০০ মিটার নিচে ২৭ কিলোমিটারের দীর্ঘ একটি বৃত্তাকার বিশালতম ও সবচেয়ে ব্যয়বহুল এ বৈজ্ঞানিক পরীক্ষা শুরু করে সার্ন।
কিন্তু চালু হওয়ার মাত্র ১০ দিন পর গত ২০ সেপ্টেম্বর যান্ত্রিক ত্র"টির কারণে এলএইচসি বন্ধ করে দিতে বাধ্য হন বিজ্ঞানীরা।
'বিগ ব্যাং' এর পরবর্তী মুহূর্ত কেমন ছিলো তা জানতে বিজ্ঞানীরা এই লার্জ হ্যাডরন কোলাইডার তৈরি করেন। এই যন্ত্রের সাহায্যে প্রচণ্ড গতিতে কোনো পদার্থের পরমাণুতে অবস্থিত প্রোটন চূর্ণ করা হয়।
তদন্ত প্রতিবেদনে জানানো হয়, এক টন হিলিয়াম গ্যাসকে অনিয়ন্ত্রিতভাবে অবমুক্ত করার কারণে তা ৫৩ টি অত্যধিকপরিবাহী চুম্বককে ক্ষতিগ্রস্ত করেছে। গ্যাসের চাপ নিয়ন্ত্রণে আরো ভালো ব্যবস্থা নিলে এ দুর্ঘটনা এড়ানো যেতে পারে।
সার্ন নিশ্চিত করেছে, বৈদ্যুতিক সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্রোটন কণাকে প্রচণ্ড বেগে ছুড়ে দেওয়ার কাজে নিয়োজিত ১২০০টি অত্যধিকপরিবাহী চুম্বকের কোনো একটির সঙ্গে যুক্ত বৈদ্যুতিক সংযোগের ত্র"টি ছিল। এ কারণে ওই চুম্বকে হিলিয়াম গ্যাস চলে আসে। ফলে সেখানে গ্যাসের চাপ বেড়ে যায়। আর চাপ বাড়ার কারণে একটি চুম্বক স্থানচ্যুত হয়ে কিছুটা সামনের দিকে বের হয়ে আসে।
এলএইচসি প্রকল্পের প্রধান অধ্যাপক লিন ইভান্স বলেন, "দুর্ঘটনার কারণে মূলত যন্ত্রের আন্তঃযান্ত্রিক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। যন্ত্রটি পুরোদমে চালু করার শেষ পর্যায়ে এসে এমন দুর্ঘটনা ঘটায় আমরা হতাশ হয়েছি। যন্ত্রটিকে পূর্ণক্ষমতায় চালু করার আটটি পর্যায়ের সাতটিই শেষ করেছিলাম আমরা।"
তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়, দুর্ঘটনার ক্ষতি কাটিয়ে উঠতে এক কোটি ৪০ লাখ পাউন্ড ব্যয় হবে এবং আগামী গ্রীষ্মের আগে পরীক্ষা আবার শুরু করা যাবে না।
এলএইচসি প্রকল্পে কর্মরত বিজ্ঞানী অধ্যাপক তেজিন্দর ভের্দি বলেন, "এতদিনে আমরা তথ্য বিশ্লেষণের কাজ শুরু করে দিতে পারতাম। কিন্তু দুর্ঘটনার কারণে তা অনেক পিছিয়ে গেল। তবে এই পরীক্ষা থেকে যুগান্তকারী তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২৩২৬ঘ.
bdnews24