ইসলামাবাদ, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতকে মুম্বাইয়ে হামলার ঘটনা তদন্তে সাহায্য করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ওই হামলার নিন্দা করে এবং এতে কোনওভাবে জড়িত নেই জানিয়ে পাকিস্তান এ ঘটনা তদন্তে ভারতের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে।
টেলিভিশনে এক ভাষণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আবারও ভারতে সহযোগিতার প্রস্তাব দিয়ে বলেন, "এখন একে অপরকে দোষারোপ করার সময় নয়।"
তিনি আরও বলেন, "পাকিস্তান সরকার হামলার ঘটনার যৌথ তদন্তের ব্যবস্থা করার এবং ভারতে যৌথ কমিশন গঠনের প্রস্তাব দিচ্ছে। আমরা একসঙ্গেই ঘটনাটি নিবিড়ভাবে খতিয়ে দেখতে চাই। এজন্য আমরা আপনাদের সহায়তায় একটি দল গঠন করতেও রাজি। পাকিস্তান ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়।"
তবে ফেরারি ২০ জঙ্গি হস্তান্তরের ভারতের দাবি বিবেচনার ব্যাপারে কুরেশি কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৭ ঘ.
bdnews24